আগামী বিশ্বকাপ শুরু হতে দুই মাসেরও কম সময় বাকি। এমন মুহূর্তে আর্জেন্টিনা জাতীয় দলের তিন গুরুত্বপূর্ণ খেলোয়াড় চোট পেয়েছেন। লাওতারো মার্তিনেজ, এমিলিয়ানো মার্তিনেজ এবং ক্রিস্টিয়ান রোমেরোর এই চোট আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনির জন্য বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

ইন্টার মিলানের স্ট্রাইকার লাওতারো মার্তিনেজ পুরোনো চোটের জায়গায় নতুন করে আঘাত পেয়েছেন। গত শুক্রবার ইন্টার মিলান একটি বিবৃতিতে জানায়, মার্তিনেজ বাঁ পায়ের মাংসপেশিতে আবার চোট পেয়েছেন। সাত সপ্তাহ মাঠের বাইরে থাকার পর গত সপ্তাহে খেলায় ফিরেছিলেন তিনি। ক্লাব জানিয়েছে, আগামী কয়েক দিন তাঁর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হবে। তবে ঠিক কত দিনের জন্য ছিটকে গেলেন, তা এখনও আনুষ্ঠানিকভাবে জানায়নি। গত রোববার কোমো ও ক্যালিয়ারির বিপক্ষে লিগ ম্যাচ এবং কোমোর বিপক্ষে কোপা ইতালিয়া সেমিফাইনালের ফিরতি লেগেও তাঁর খেলার সম্ভাবনা নেই। ইন্টারের হয়ে পাঁচ ম্যাচ এবং আর্জেন্টিনার হয়ে দুটি প্রীতি ম্যাচে দর্শক হয়ে থাকার পর ফিরেছিলেন ২৮ বছর বয়সী এই ফরোয়ার্ড।

অ্যাস্টন ভিলার গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ গতকাল রাতে নটিংহাম ফরেস্টের বিপক্ষে ম্যাচ শুরুর কিছুক্ষণ আগে পায়ে সমস্যার কথা জানান। ওয়ার্মআপের সময় কাফ মাসলের (পায়ের পেশি) চোট আবার মাথা চাড়া দিয়ে ওঠে। মৌসুমজুড়ে এই চোটে ভুগছেন তিনি। খেলা শুরুর মাত্র ২০ মিনিট আগে কোচিং স্টাফকে খেলতে অপারগতার কথা জানান মার্তিনেজ। চলতি মৌসুমে এ নিয়ে তৃতীয়বার ম্যাচ শুরুর ঠিক আগমুহূর্তে ছিটকে গেলেন তিনি। ১-১ গোলে ড্র ম্যাচের পর ভিলা কোচ উনাই এমেরি বলেন, “ওয়ার্মআপের সময় সে আমাদের জানায়, কাফ মাসলে অস্বস্তি বোধ করছে। সেখানে ব্যথা ছিল।” মার্তিনেজের চোট কতটা গুরুতর এবং সেরে উঠতে কত দিন লাগতে পারে, তা নিয়ে এখনও নিশ্চিত করে কিছু জানা যায়নি।

একই রাতে সান্ডারল্যান্ডের বিপক্ষে ১-০ গোলে হারের ম্যাচে টটেনহামের ডিফেন্ডার এবং অধিনায়ক ক্রিস্টিয়ান রোমেরো চোট পান। সান্ডারল্যান্ডের মাঠে নির্ধারিত সময় শেষ হওয়ার ২৫ মিনিট আগে প্রতিপক্ষ স্ট্রাইকার ব্রায়ান ব্রবির ধাক্কায় টটেনহামের গোলকিপার আন্তোনিন কিনস্কির ওপর গিয়ে পড়েন রোমেরো। তাঁর ডান হাঁটুর সঙ্গে সংঘর্ষ হয় কিনস্কির মাথার। তখনই বোঝা যায়, বেশ ব্যথা পেয়েছেন রোমেরো। মাঠ ছাড়েন ভেজা চোখে খোড়াতে খোড়াতে। ২০২২ বিশ্বকাপজয়ী রোমেরো আর্জেন্টিনা দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়। দুর্ঘটনা থেকে পাওয়া এই চোটে তাঁকে কত দিন মাঠের বাইরে থাকতে হবে তা এখনও নিশ্চিত নয়। পরীক্ষা-নিরীক্ষার পর তা বলা যাবে। ম্যাচ শেষে টটেনহামের কোচ রবার্তো দে জার্বি বলেন, “আগামী কয়েক দিন আমাদের পরিস্থিতি পর্যবেক্ষণ করতে হবে। আশা করি চোট খুব বেশি গুরুতর নয়। কারণ, সে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খেলোয়াড়। মৌসুমের বাকি ম্যাচগুলো এবং আমাদের লক্ষ্য অর্জনে তাকে খুব প্রয়োজন।”

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে আগামী ১১ জুন থেকে শুরু হবে বিশ্বকাপ। শিরোপা ধরে রাখার লড়াইয়ে নামার আগে আর্জেন্টিনার হাতে খুব বেশি সময় নেই। স্কালোনি নিশ্চয়ই চাইবেন, এই তিন খেলোয়াড় যত তাড়াতাড়ি সম্ভব সুস্থ হয়ে উঠুক।