অনেক শিক্ষার্থীর রাত জেগে পড়ার অভ্যাস রয়েছে, আবার মা-বাবা ও শিক্ষকেরা সকালে উঠে পড়তে বলেন। সকাল না রাত—কোন সময় পড়াশোনা বেশি ফলপ্রসূ, এ নিয়ে বিভিন্ন মতামত আছে। আসলে এটি নির্ভর করে ব্যক্তির দেহঘড়ি এবং মনোযোগের ওপর।
সকালে পড়ার সুবিধা
সকালবেলায় পড়াশোনা সাধারণত বেশি কার্যকর হয়। যথেষ্ট ঘুমের পর মস্তিষ্ক সতেজ থাকে, মনোযোগ ভালো থাকে এবং বিঘ্নও কম। ইতিহাস, জীববিজ্ঞান বা ইংরেজির মতো তাত্ত্বিক বিষয়গুলো সকালে পুনরাবৃত্তি করা শিক্ষার্থীদের জন্য সহজ হয়।
রাতে পড়ার সুবিধা
অন্যদিকে, যারা সন্ধ্যার পর বেশি সক্রিয় ও সৃজনশীল বোধ করেন, তাদের জন্য রাতে পড়া কার্যকর। রাতের নীরবতা মনোযোগ বাড়ায়। গণিত বা সংখ্যাগত বিষয়গুলো রাতে সমাধান করা অনেকের পছন্দ, কারণ তখন বিঘ্ন কম এবং দীর্ঘক্ষণ ধরে পড়া যায়।
পর্যাপ্ত ঘুমের বিকল্প নেই
তবে পর্যাপ্ত ঘুম না হলে স্মৃতিশক্তি ও মনোযোগ কমে যায়। পরীক্ষার আগে অনিয়মিত ঘুম করে রাত জেগে পড়লে ফলাফল খারাপ হয়। বিশেষজ্ঞরা বলছেন, সবচেয়ে ভালো উপায় হলো শরীরের স্বাভাবিক সময়সূচি মেনে চলা। হঠাৎ রাত থেকে সকালে পরিবর্তন না করা। তবে নিয়মিত পড়াশোনা ও ভালো ঘুমই সাফল্যের চাবিকাঠি—সকাল হোক বা রাত।






