চট্টগ্রাম নগরীতে নালা খুঁড়তে গিয়ে সামরিক গোলা পাওয়া গেছে। পুলিশের অনুমান, এগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের। আজ রোববার দুপুরে ডবলমুরিং থানার দেওয়ানহাট এলাকায় এসব গোলা উদ্ধার হয়। পরবর্তীতে নগর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের বোমা নিষ্ক্রিয়করণ দল তিনটি গোলা নিরাপদে নিষ্ক্রিয় করে।
পুলিশ জানায়, উদ্ধারকৃত গোলাগুলো বিস্ফোরিত হয়নি, তবে এগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহৃত হয়ে থাকতে পারে।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন মুক্তকণ্ঠকে বলেন, দেওয়ানহাটে চট্টগ্রাম সিটি করপোরেশনের নালা নির্মাণকাজ চলাকালীন শ্রমিকরা মাটির নিচে গোলাগুলো দেখে ঠিকাদারকে খবর দেন। ঠিকাদার পুলিশকে জানানোর পর পুলিশ সেগুলো উদ্ধার করে হেফাজত নেয় এবং বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে অবহিত করে।
ওসি জানান, বিকেলে গোলাগুলো হালিশহর সমুদ্রসৈকত এলাকায় নিয়ে গিয়ে নিরাপদে নিষ্ক্রিয় করা হয়।






