জ্বালানি খাতে সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহি নিয়ে ধারণা জোরদার করতে এবং অনুসন্ধানী সাংবাদিকতায় দক্ষতা বাড়াতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এই খাতের সাংবাদিকদের প্রশিক্ষণ দিয়েছে।

১০ থেকে ১২ এপ্রিল গাজীপুরের রাজেন্দ্রপুরে ব্র্যাক সেন্টার ফর ডেভেলপমেন্ট ম্যানেজমেন্টে (সিডিএম) আয়োজিত এই আবাসিক প্রশিক্ষণ কর্মশালায় ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশের (এফইআরবি) সদস্যরা অংশগ্রহণ করেন।

আজ রোববার টিআইবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘জ্বালানি খাতে অনুসন্ধানী সাংবাদিকতা: গণমাধ্যমকর্মীদের সক্ষমতা বৃদ্ধিবিষয়ক প্রশিক্ষণ কর্মশালা’র উদ্দেশ্য ছিল বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাত, বিশেষত নবায়নযোগ্য জ্বালানিসংক্রান্ত নীতিকাঠামো, প্রকল্প অনুমোদন ও বাস্তবায়ন, জবাবদিহি ও তথ্যের স্বচ্ছতা–সংক্রান্ত সুশাসনের ঘাটতি ও দুর্নীতির ঝুঁকিপ্রবণ ক্ষেত্রগুলো সম্পর্কে অংশগ্রহণকারীদের স্পষ্ট ধারণা দেওয়া। এর মাধ্যমে তাঁদের অনুসন্ধানী প্রতিবেদনকে আরও কার্যকর, প্রভাবশালী ও জনমুখী করে তোলা।

প্রশিক্ষণের সমাপনী পর্বে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরের প্রক্রিয়াটি প্রত্যাশিত গতিতে হচ্ছে না। তিনি বলেন, ‘এর অন্যতম কারণ হলো পুরো খাতটি এখন “ফসিল ফুয়েল” বা জীবাশ্ম জ্বালানি লবির মাধ্যমে নীতি করায়ত্ত হয়েছে। এই পরিস্থিতি থেকে উত্তরণের সবচেয়ে কার্যকর শক্তি গণমাধ্যম। যত বেশি তথ্যনির্ভর অনুসন্ধানী প্রতিবেদন গণমাধ্যমে উঠে আসবে, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা তত সহজ হবে।’

সমাপনী অধিবেশনে উপস্থিত ছিলেন এফইআরবির নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম সিরাজ এবং ভাইস চেয়ারম্যান হাসান আজাদ।

প্রশিক্ষণে বিভিন্ন অধিবেশন পরিচালনা করেন মিডিয়া অ্যান্ড রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এমআরডিআই) হেল্প ডেস্কের অনুসন্ধানী সাংবাদিকতা বিভাগের প্রধান মোহাম্মদ বদরুদ্দোজা, কোস্টাল লাইভলিহুড অ্যান্ড এনভায়রনমেন্টাল অ্যাকশন নেটওয়ার্কের (ক্লিন) প্রধান নির্বাহী হাসান মেহেদী, গ্লোবাল স্ট্র্যাটেজিক কমিউনিকেশনস কাউন্সিলের (জিএসসিসি) ইনফরমেশন ইন্টিগ্রিটি ও অ্যান্টি-ডিজইনফরমেশন বিভাগের সিনিয়র অ্যাসোসিয়েট কুন্তল রায়, টিআইবির আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন বিভাগের পরিচালক মোহাম্মদ তৌহিদুল ইসলাম, এনার্জি গভর্ন্যান্স বিভাগের সমন্বয়ক মো. নেওয়াজুল মওলা এবং আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন বিভাগের সহসমন্বয়ক রিফাত রহমান।