রাজধানীর সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ‘এসআইআইএস লিটারারি ক্লাব’–এর উদ্যোগে ৮ থেকে ১১ এপ্রিল পর্যন্ত চার দিনব্যাপী ‘ন্যাশনাল লিটারেচার ফেস্টিভ্যাল ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। এ উৎসব শিক্ষার্থীদের সাহিত্যচর্চা, সৃজনশীলতা এবং বুদ্ধিবৃত্তিক বিকাশের এক অসাধারণ প্ল্যাটফর্ম হয়ে উঠেছে এবং সর্বত্র প্রশংসা পেয়েছে।

ঢাকা ও অন্যান্য অঞ্চলের নামকরা শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করে। উৎসবে ইংলিশ অলিম্পিয়াড, সাহিত্যভিত্তিক কুইজ, এক্সটেম্পোর (তাৎক্ষণিক বক্তৃতা), কবিতা আবৃত্তি, পোস্টার নির্মাণ, নাট্য পরিবেশনা, ফিলোসফারস পিচসহ বিভিন্ন প্রতিযোগিতা হয়। অংশগ্রহণকারীরা তাদের মেধা, সৃজনশীলতা ও বিশ্লেষণাত্মক চিন্তার দক্ষতা প্রদর্শন করে দর্শক ও বিচারকদের মুগ্ধ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, “সাহিত্য মানুষের চিন্তাশক্তিকে প্রসারিত করে এবং সমাজকে আরও মানবিক করে তোলে।” এ ধরনের আয়োজন নিয়মিত চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

এছাড়া উৎসবে বিভিন্ন ইন্টারঅ্যাকটিভ সেশন, আলোচনা এবং সাংস্কৃতিক পরিবেশনা হয়, যা শিক্ষার্থীদের মধ্যে উৎসাহী পরিবেশ গড়ে তোলে। ক্লাবের চিফ কনভেনার সেগুফতা ইসলাম বলেন, অংশগ্রহণকারীদের মধ্যে বন্ধুত্বপূর্ণ প্রতিযোগিতা ও পারস্পরিক সহযোগিতার মনোভাব এ আয়োজনকে আরও সফল করেছে।

উৎসবের সমাপনী অনুষ্ঠান হয় ১১ এপ্রিল, শনিবার। এদিন জনপ্রিয় ব্যান্ড ‘ওয়ারফেজ’ ও ‘লেভেল ফাইভ’–এর পরিবেশনা অনুষ্ঠানকে আরও রোমাঞ্চকর করে।

সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ ব্রাদার চন্দন গোমেজ বলেন, এ উৎসব শুধু প্রতিযোগিতা নয়, বরং তরুণ প্রজন্মের সাহিত্যপ্রেম, সৃজনশীলতা ও বুদ্ধিবৃত্তিক বিকাশের এক অনন্য উদ্‌যাপন। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।