ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) তার পুরোনো ব্যাংকিং সেবা অ্যাপ ইউনেট–এর পরিবর্তে নতুন ‘ইউসিবি ওয়ান’ অ্যাপ চালু করেছে। ইউনেট অ্যাপের মাধ্যমে গ্রাহকেরা এতদিন ডিজিটাল সেবা গ্রহণ করতে পারতেন। এখন থেকে এই অ্যাপ স্বয়ংক্রিয়ভাবে ইউসিবি ওয়ানে রূপান্তরিত হবে। নতুন অ্যাপে ব্যাংকের অন্যান্য চারটি অ্যাপ উপায়, ইউসিবি অ্যাসেট, ইউসিবি স্টক ও ইউসিবি ইনভেস্টমেন্ট ব্যবহারের সুবিধা রয়েছে।

আজ রোববার দুপুরে রাজধানীর সোনারগাঁও হোটেলে ইউসিবির নতুন অ্যাপ ‘ইউসিবি ওয়ান’ উদ্বোধন করা হয়। প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর।

‘ইউসিবি ওয়ান’ অ্যাপে তাৎক্ষণিক অ্যাকাউন্ট খোলা, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসে টাকা পাঠানো, বিল পরিশোধ, কার্ড ব্যবস্থাপনা, কিউআর পেমেন্টসহ বিভিন্ন সুবিধা পাওয়া যাবে। এছাড়া অ্যাপ থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ নেওয়ার সুবিধাও রয়েছে।

ব্যাংকিংয়ের বাইরেও এই অ্যাপে জনপ্রিয় লাইফস্টাইল ব্র্যান্ড, খাবার অর্ডার, পেমেন্ট, ভ্রমণ বুকিং, টিকিট সুবিধা এবং বিশেষ অফার উপভোগ করা যাবে। অ্যাপে বায়োমেট্রিক লগইনের সুবিধাও যুক্ত রয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, “দেশের নাগরিকদের জন্য ওয়ান সিটিজেন, ওয়ান কার্ড এবং ওয়ান ডিজিটাল ওয়ালেটের দিকে এগোচ্ছে সরকার। ইতিমধ্যেই এই ব্যাপারে মন্ত্রিপরিষদ নির্দেশনা দিয়েছেন এবং সে অনুযায়ী কাজ হচ্ছে।”

তিনি আরও জানান, কৃষক কার্ডকে ব্যাংক কার্ডে রূপান্তর করা হবে। তফসিলি ব্যাংকের মাধ্যমে এই কার্ড প্রদান করা হবে, যাতে গ্রাহক সম্মানজনকভাবে সেবা পান। এই কার্ডের মাধ্যমে দেওয়া অর্থ নির্দিষ্ট কাজেই ব্যবহার করা যাবে। এর সঙ্গে অতিরিক্ত আরও ১০টি সেবা যুক্ত থাকবে। সরকারের প্রতিশ্রুতি, দেশের প্রত্যেক নাগরিককে একটি করে ব্যাংক হিসাব নিশ্চিত করা।

এ সময় রাশেদ আল মাহমুদ তিতুমীর ব্যাংকিং খাতে কয়েকটি সংস্কারের প্রস্তাব উল্লেখ করেন। তিনি বলেন, ব্যাংকিং সেবার বিভিন্ন মাশুল সমন্বয় করতে হবে। বিভিন্ন কায়দায় মাশুল নেওয়ার ফলে মানুষ ব্যাংকিং ব্যবস্থায় আসতে নিরুৎসাহিত হয়। ব্যাংকগুলো আমানতকারীদের আকৃষ্ট করতে নতুন প্রণোদনা কাঠামো তৈরি করতে হবে। ব্যাংক খাতের ঝুঁকি ব্যবস্থাপনাকে ঢেলে সাজানো দরকার।

রাশেদ আল মাহমুদ তিতুমীর আরও বলেন, “দেশে খেলাপি ঋণের সঠিক সংখ্যা কত, তা আমরা জানি না। তবে আমরা যদি ফরেনসিক নিরীক্ষা করি, তাহলে খেলাপি ঋণের পরিমাণ আরও বেড়ে যেতে পারে। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ব্যাংকগুলোর আমানত গ্রহণ ও ঋণ প্রদানে বড় রকমের পার্থক্য রয়েছে। যার কারণে দেশের ব্যাংক ব্যবস্থা বড় ধরনের সমস্যায় জর্জরিত।”

ইউসিবি ব্যাংকের চেয়ারম্যান শরীফ জহীর বলেন, নতুন এই অ্যাপটি শুধু প্রযুক্তিগত সুবিধা নয়, বরং একটি অর্থনৈতিক রূপান্তরের উদ্যোগ। এই অ্যাপে ব্যাংকিং, পেমেন্ট, বাণিজ্য ও দৈনন্দিন আর্থিক সেবা একত্রিত করা হয়েছে। এই অ্যাপ ব্যবহার করে গ্রাহকেরা ব্যাংকিংয়ের পেছনে কম সময় ব্যয় করবেন এবং তাঁদের জীবনে বেশি সময় দিতে পারবেন।

ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মামদুদুর রশীদ বলেন, “এই অ্যাপের মাধ্যমে আমরা গ্রাহকদের সেবা, ব্যাংকিং সেবা সহজ ও ডিজিটাল ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার সংকল্প করেছি।”

অনুষ্ঠানে উপব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল্লাহ আল মামুনসহ ব্যবসায়ী, অংশীদার ও ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।