রাজধানীর উত্তরায় মোজাফফর গার্ডেন সিটি আবাসিক কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়েছে ‘ডিজিটাল সিটিজেনশিপ অ্যান্ড মিসইনফরমেশন অ্যাওয়ারনেস ট্রেনিং ২০২৬’ শিরোনামের সচেতনতামূলক কর্মশালা। গত শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে আয়োজিত এই কর্মশালায় ১৭ জন মধ্যবয়সী ও প্রবীণ ব্যক্তি অংশ নেন।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ বিভাগের ১৫ শিক্ষার্থী কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট হিসেবে এই কর্মশালার আয়োজন করেন। ছয় শিক্ষার্থী ছয়টি মডিউলে কর্মশালাটি পরিচালনা করেন।
প্রথম মডিউলে অংশগ্রহণকারীদের ডিজিটাল সিটিজেনশিপ, ইন্টারনেট নিরাপত্তার মৌলিক ধারণা এবং ডিজিটাল ফুটপ্রিন্ট নিয়ে অবহিত করা হয়। এছাড়া অনিরাপদ ইন্টারনেট ব্যবহারের ঝুঁকি যেমন ব্যক্তিগত তথ্য চুরি, আর্থিক প্রতারণা, ভুয়া খবর ছড়ানো এবং সাইবার বুলিং নিয়ে আলোচনা হয়। বাংলাদেশে প্রচলিত প্রতারণার উদাহরণ হিসেবে লটারি জেতার মেসেজ এবং বিকাশ বা নগদের মতো ডিজিটাল লেনদেন প্ল্যাটফর্মে সম্ভাব্য ঝুঁকি তুলে ধরা হয়।
দ্বিতীয় মডিউলে পাসওয়ার্ড নিরাপত্তার গুরুত্ব ব্যাখ্যা করে শক্তিশালী পাসওয়ার্ড তৈরির নিয়ম শেখানো হয়। তৃতীয় মডিউলে অ্যাকাউন্ট সুরক্ষার বিষয়গুলো তুলে ধরা হয়।
চতুর্থ মডিউলে ভুয়া অ্যাকাউন্ট চেনার কৌশল শেখানো হয়। পঞ্চম মডিউলে সাইবার বুলিংয়ের ধারণা দেওয়া হয় এবং এর মোকাবিলায় করণীয় যেমন উত্তর না দেওয়া, ব্লক করা, স্ক্রিনশট রাখা ও রিপোর্ট করার পরামর্শ দেওয়া হয়।
ষষ্ঠ ও শেষ মডিউলে অনলাইনে ভদ্র আচরণ, দায়িত্বশীলতা, তথ্য যাচাই, ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা এবং অন্যদের সহায়তা করার মতো গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়।
কর্মশালায় উপস্থিত ছিলেন সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ বিভাগের সহযোগী অধ্যাপক ড. কাবিল খান। তিনি একাডেমিক সুপারভাইজার হিসেবে শিক্ষার্থীদের কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট কার্যক্রমের দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় মোজাফফর গার্ডেন সিটি ওনার্স অ্যাসোসিয়েশনের উপদেষ্টা সৈয়দ মোহাম্মদ মহসীন বলেন, “ডিজিটাল প্ল্যাটফর্মে সবার সুরক্ষা নিশ্চিত করা দরকার। একটি আবাসিক কমিউনিটির বয়োজ্যেষ্ঠদের জন্য এ ধরনের আয়োজন সত্যি প্রশংসনীয়।”
কর্মশালার পৃষ্ঠপোষক ছিল ব্রিটিশ কাউন্সিল ও ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) এবং সহযোগী ছিল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। কমিউনিটি পার্টনার ছিল মোজাফফর গার্ডেন সিটি ওনার্স অ্যাসোসিয়েশন।






