গ্রাহকদের হয়রানি কমাতে এবং জ্বালানি তেলের অবৈধ মজুত রোধ করতে রাজশাহীতে ‘ফুয়েল ম্যানেজমেন্ট’ নামক মোবাইল অ্যাপ চালু হয়েছে। আজ রোববার সকালে নগরীর কুমারপাড়ায় গুল গফুর ফিলিং স্টেশনে এ কার্যক্রমের উদ্বোধন করেন রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নতুন ব্যবস্থায় রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি হবে। একজন মোটরসাইকেলচালক পাঁচ দিনে একবার সর্বোচ্চ ৫০০ টাকার এবং মাইক্রোবাস বা প্রাইভেট কারের চালক সর্বোচ্চ ২ হাজার টাকার পেট্রল বা ডিজেল কিনতে পারবেন।
ফিলিং স্টেশনের কর্মীরা অ্যাপে যানবাহনের রেজিস্ট্রেশন নম্বর স্ক্যান করে সরাসরি জ্বালানি সরবরাহ করবেন। গ্রাহকদের আলাদা নিবন্ধনের দরকার নেই। কৃষিকাজে ব্যবহারের জন্য কৃষকদের নির্ধারিত কার্ড দিয়ে ডিজেল দেওয়া হবে বলে প্রশাসন জানিয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, পেট্রলপাম্পে জ্বালানি নিতে এসে গ্রাহকদের যেন দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোগান্তি পোহাতে না হয় এবং কেউ যেন অবৈধভাবে তেল মজুত করতে না পারে, সে লক্ষ্যেই এ অ্যাপ চালু করা হয়েছে। তিনি বলেন, ‘যেকোনো পেট্রলপাম্প থেকে একবার তেল নেওয়ার পর পরবর্তী পাঁচ দিন পার হওয়ার আগে কোনো গ্রাহক আবার তেল নিতে পারবেন না। নির্ধারিত সময়ের আগে কেউ তেল নিতে এলে অ্যাপের মাধ্যমে তা শনাক্ত করা যাবে।’
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সবুর আলী, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বোরহান উদ্দিনসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।






