শিক্ষা মন্ত্রণালয় দেশের বিদ্যালয়গুলোতে শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের পাঠদান বাড়াতে অবসরপ্রাপ্ত এবং শারীরিকভাবে সক্ষম শিক্ষকদের তালিকা তৈরির নির্দেশ দিয়েছে। এই তালিকা থেকে প্রয়োজন অনুযায়ী শিক্ষক নিয়োগের জন্য সংশ্লিষ্ট ম্যানেজিং কমিটিকে নির্দেশিত হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক-১ শাখার জ্যেষ্ঠ সহকারী সচিব শিরীন আক্তার স্বাক্ষরিত পত্রে এ তথ্য জানানো হয়েছে।
দেশের সব জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে দেওয়া চিঠিতে বলা হয়েছে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক-স্বল্পতা এবং এনটিআরসিএ কর্তৃক নিয়োগে বিলম্বের কারণে শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম বিঘ্নিত হচ্ছে।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, শ্রেণিকক্ষে পাঠদান সুষ্ঠুভাবে চালানো এবং গুণগত শিক্ষাদান নিশ্চিত করতে অভিজ্ঞ ও শারীরিকভাবে সক্ষম অবসরপ্রাপ্ত শিক্ষকদের সমন্বয়ে ইউএনওর পরামর্শমতো ম্যানেজিং কমিটি/গভর্নিং বডি/এডহক কমিটির অনুমোদনে অবসরপ্রাপ্ত শিক্ষক পুল গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।
উপজেলাভিত্তিক অবসরপ্রাপ্ত ও শারীরিকভাবে সক্ষম শিক্ষকদের দিয়ে পুল গঠনের ব্যবস্থা নেওয়ার জন্য সব জেলা প্রশাসককে অনুরোধ করা হয়েছে। সংশ্লিষ্ট ইউএনওর পরামর্শে ম্যানেজিং কমিটির অনুমোদনে পুল থেকে সাময়িকভাবে শিক্ষক নিয়োগ করে শিক্ষা কার্যক্রম চালাতে হবে। প্রতিষ্ঠানের নিজস্ব তহবিলের অত্যাবশ্যকীয় খাত থেকে সম্মানী ব্যয় নির্বাহের নির্দেশনা দেওয়ার জন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে অনুরোধ করা হয়েছে।






