খুলনার খালিশপুরের নয়াবাটি এলাকায় দোকানে ঢুকে তাঁতী দলের নেতা সোনা মিয়াকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার দিবাগত রাত ১২টার দিকে ঘটনাটি ঘটে।

নিহত সোনা মিয়া (৩৮) খালিশপুর থানার ১০ নম্বর ওয়ার্ড তাঁতী দলের আহ্বায়ক ছিলেন। ওই এলাকায় দীর্ঘদিন ধরে তিনি মুদি ব্যবসা করতেন। ১০ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুল হাই (কালু) এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাতের দিকে সোনা মিয়া তার দোকানে ছিলেন। তখন দুটি মোটরসাইকেলে করে তিনজন দুর্বৃত্ত এসে তাঁকে লক্ষ্য করে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। তারা সোনা মিয়ার ডান হাতের বাহুতে অন্তত দুটি আঘাত করে। জীবন রক্ষার্থে সোনা মিয়া দোকান থেকে বের হয়ে পাশের একটি গুদামে আশ্রয় নেন। সেখানে কিছুক্ষণ পর তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এরপর হামলাকারীরা দ্রুত মোটরসাইকেলে করে সেখান থেকে পালিয়ে যায়। স্থানীয় লোকেরা তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর আতাহার আলী মুক্তকণ্ঠকে বলেন, "নিহত সোনা মিয়ার ডান হাতে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে এবং অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে।" তিনি আরও জানান, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু হয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে।