জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন ফরম বিক্রির জন্য শনিবারও বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে ভিড়ে উপচে পড়ল। এদিন আরও পাঁচশোর বেশি ফরম বিক্রি হয়েছে। গতকাল শুক্রবারও একই পরিমাণ ফরম বিক্রি হয়। এর ফলে দুই দিনে মোট ১ হাজার ২৫টি মনোনয়ন ফরম বিক্রি সম্পন্ন হয়েছে।

শুক্রবার বেলা ১১টায় নয়াপল্টনের কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রির উদ্বোধন করেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব এবং প্রধানমন্ত্রীর শিল্প ও রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। শনিবার রাতে মুঠোফোনে মুক্তকণ্ঠকে তিনি বলেন, যোগ্যতা, সামাজিক সুনাম, শিক্ষা, নির্যাতনের শিকার ছিলেন, গণতান্ত্রিক আন্দোলন–সংগ্রামে যাঁদের প্রচেষ্টা দৃশ্যমান ছিল, মনোনয়ন দেওয়ার ব্যাপারে তাঁদের অগ্রাধিকার দেওয়া হবে।

বিএনপি সূত্রে জানা গেছে, ফরম নেওয়ার জন্য ২ হাজার টাকা এবং জমা দেওয়ার সময় জামানত হিসেবে অফেরতযোগ্য ৫০ হাজার টাকা আদায় করা হচ্ছে। এ ফরম বিক্রি আগামীকাল রোববার পর্যন্ত তিন দিন চলবে।

আগামী ১২ মে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে। মোট ৫০টি সংরক্ষিত নারী আসন রয়েছে। প্রতি ছয়জন সাধারণ সদস্যের বিপরীতে একটি আসন বণ্টন করা হয়েছে। সে অনুযায়ী, বিএনপি জোট ৩৬টি, জামায়াত জোট ১৩টি এবং স্বতন্ত্ররা মিলে একটি আসন পাবে বলে জানিয়েছেন ইসির নির্বাচন পরিচালনা শাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুসারে, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২১ এপ্রিল। যাচাই-বাছাই হবে ২২ ও ২৩ এপ্রিল। আপিল করা যাবে ২৬ এপ্রিল। আপিল নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল। প্রত্যাহারের শেষ সময় ২৯ এপ্রিল। প্রতীক বরাদ্দ হবে ৩০ এপ্রিল।

ফরম বিক্রির প্রচুরতা নিয়ে রিজভী বলেন, ‘এবারের প্রত্যাশা অত্যন্ত বেশি এই কারণেই যে দীর্ঘ ১৬–১৭ বছর এক ভয়ানক দুর্বিষহ পরিস্থিতি অতিক্রম করে আজকের এই জায়গায় উপনীত হয়েছে। একটা অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের জন্য দীর্ঘ লড়াই করতে হয়েছে। ১৫–১৬ বছরের লড়াইয়ের পর গণতান্ত্রিক চর্চার রীতিনীতি এবং এটি অনুশীলন করার যে পরিবেশটি পাওয়া গেছে, সেটির সর্বোচ্চ ব্যবহার আমাদের করতে হবে।’

নয়াপল্টন কার্যালয়ের চিত্র

সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ফরম কিনতে গিয়ে শনিবার সকালে দলীয় নেত্রীদের ক্ষোভের মুখে পড়েন রোমানা মোর্শেদ কনকচাঁপা (কণ্ঠশিল্পী কনকচাঁপা)। সেখানে উপস্থিত অন্য প্রত্যাশীরা হইচই শুরু করে দেন। তারা অভিযোগ তোলেন, দীর্ঘদিন দলের সঙ্গে সম্পৃক্ত না থেকেও হঠাৎ প্রত্যাশী হওয়া সুবিধাবাদিতার প্রমাণ।

ঘটনাস্থলে বগুড়া জেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় মহিলা দলের নির্বাহী সদস্য সুরাইয়া জেরিন সাংবাদিকদের বলেন, ‘কণ্ঠশিল্পী কনকচাঁপা বিএনপির কে? সে কি দল করেছে? যারা আন্দোলনে ছিল, ১৭ বছর আমরা দলের জন্য খেটেছি—তাদের মূল্যায়ন কোথায়?’

শনিবার নয়াপল্টন কার্যালয়ে স্বেচ্ছাসেবক দলের প্রয়াত সভাপতি শফিউল বারী বাবুর সহধর্মিণী বীথিকা বিনতে হোসাইন, শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের স্ত্রী নাজমুন নাহার বেবীসহ শিক্ষক, আইনজীবী, শিল্পী, ছাত্রদলের সাবেক নেত্রীদের অনেকে ফরম কিনেছেন।

সরেজমিনে দেখা গেছে, সকাল থেকেই প্রত্যাশীরা স্বজন-সতীর্থ নিয়ে কার্যালয়ে ভিড় জমিয়ে দেন। ভেতর-বাইরে কর্মচাঞ্চল্য ছড়িয়ে পড়ে। রাস্তায় স্লোগান, ছোটখাটো জটলা—কেউ ফরম নিচ্ছেন, কেউ সম্ভাবনা নিয়ে কথা বলছেন। সব মিলিয়ে এলাকাটা রাজনৈতিক উৎসবের কেন্দ্রে পরিণত হয়েছে।