জুলাই গণ–অভ্যুত্থানের সময় দেলোয়ার হোসেনকে হত্যার অভিযোগে করা মামলায় ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীর আবার চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

মামলার তদন্তকারী ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) উপপরিদর্শক (এসআই) কফিল উদ্দিন আজ শনিবার মাসুদ উদ্দিনকে আবার সাত দিনের রিমান্ডে নেওয়ার জন্য আবেদন করেন। শুনানির পর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইসমাইলের আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করে। এ বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি শামসুদ্দোহা সুমন।

আগে মানব পাচার আইনে রাজধানীর পল্টন থানায় করা মামলায় মাসুদ উদ্দিন চৌধুরীকে তিন দফায় মোট ১৪ দিনের রিমান্ডে পায় পুলিশ। পরবর্তীতে ৭ এপ্রিল দেলোয়ার হত্যা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করে।

রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়, জিজ্ঞাসাবাদে আসামির কাছ থেকে মামলার ঘটনা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তাঁর দেওয়া তথ্যগুলো যাচাই-বাছাই চলছে এবং তদন্ত অব্যাহত। এ অবস্থায় তথ্য যাচাইয়ের জন্য তাঁকে আবার সাত দিনের রিমান্ডে নেওয়া দরকার।

মামলার অভিযোগ অনুসারে, জুলাই গণ–অভ্যুত্থানের সময় ২০২৪ সালের ১৯ জুলাই ঢাকার মিরপুর-১০ নম্বরের ফলপট্টিতে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা ছাত্র-জনতার ওপর হামলা চালায়। এতে দেলোয়ার হোসেন (৪০) গুলিবিদ্ধ হন। পরে ২১ জুলাই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

এ ঘটনায় ২০২৫ সালের ৬ জুলাই মিরপুর মডেল থানায় মামলা করা হয়।