কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির নিরাপদ ও দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করতে ওপেনএআই ‘এআই সেফটি ফেলোশিপ প্রোগ্রাম’ চালুর ঘোষণা দিয়েছে। এই নতুন কর্মসূচির লক্ষ্য বিভিন্ন ক্ষেত্রের গবেষক ও বিশেষজ্ঞদের একত্রিত করে উন্নত এআই ব্যবস্থার নিরাপত্তা শক্তিশালী করা।

বিশ্বব্যাপী এআই প্রযুক্তির ব্যবহার দ্রুত ছড়িয়ে পড়ছে। এর সঙ্গে ঝুঁকি ও অপব্যবহারের আশঙ্কাও বাড়ছে। ফলে এই প্রযুক্তির নিরাপত্তা নিশ্চিত করা সময়ের বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। এই প্রেক্ষাপটে দায়িত্বশীল এআই উন্নয়নে গবেষণামূলক উদ্যোগকে উৎসাহিত করতে ওপেনএআই এই ফেলোশিপ চালু করেছে।

ওপেনএআই জানিয়েছে, বিশ্বের যেকোনো দেশের আগ্রহী আবেদনকারীরা এই ফেলোশিপে অংশ নিতে পারবেন। এআই গবেষক ছাড়াও সাইবার নিরাপত্তা, সমাজবিজ্ঞান, প্রকৌশলসহ বিভিন্ন শাখার শিক্ষার্থী ও পেশাদারদের জন্য সুযোগ রাখা হয়েছে। প্রার্থীদের ক্ষেত্রে বিশ্লেষণাত্মক চিন্তাভাবনা, সমস্যা সমাধানের দক্ষতা এবং গবেষণায় আগ্রহকে অগ্রাধিকার দেওয়া হবে। নির্বাচিত ফেলোরা অভিজ্ঞ মেন্টরদের তত্ত্বাবধানে গবেষণা করবেন এবং অন্য অংশগ্রহণকারীদের সঙ্গে যৌথ কাজের সুযোগ পাবেন। কর্মসূচিটি সরাসরি ও দূরবর্তী উভয় পদ্ধতিতে চলবে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বার্কলেতে একটি কর্মপরিসর থাকলেও অংশগ্রহণকারীরা চাইলে নিজেদের অবস্থান থেকে কাজ করতে পারবেন। ফেলোশিপকালে তারা এআই নিরাপত্তা-সংক্রান্ত গবেষণায় যুক্ত থাকবেন, যার মধ্যে ডেটাসেট তৈরি, প্রযুক্তিগত টুল উন্নয়ন এবং গবেষণাপত্র প্রণয়নের মতো কাজ অন্তর্ভুক্ত। কর্মসূচির শেষে বাস্তবসম্মত গবেষণা ফলাফল অর্জনই এর মূল লক্ষ্য।

অংশগ্রহণকারীদের জন্য ওপেনএআই আর্থিক ও কারিগরি সহায়তার ব্যবস্থা করেছে। নির্বাচিত ফেলোরা কম্পিউটিং সুবিধা, ভাতা এবং এপিআই ব্যবহারের সুযোগ পাবেন। এতে তাঁদের গবেষণা নিরবিঘ্নে এগিয়ে যাবে। ফেলোশিপে কোনো নির্দিষ্ট শিক্ষাগত বা পেশাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই। ভিন্ন বিষয়ের আগ্রহীদের আবেদন করতে উৎসাহিত করা হয়েছে। তবে আবেদনকারীদের শক্তিশালী গবেষণা দক্ষতা এবং নিজস্ব ধারণা বাস্তবায়নের সক্ষমতা থাকতে হবে। আবেদন প্রক্রিয়ায় নির্ধারিত ফর্ম পূরণের পাশাপাশি রেফারেন্স জমা দিতে হবে। যাচাই-বাছাইয়ের পর চূড়ান্ত নির্বাচন করা হবে।

ফেলোশিপ কর্মসূচি আগামী ১৪ সেপ্টেম্বর ২০২৬ শুরু হয়ে চলবে ৫ ফেব্রুয়ারি ২০২৭ পর্যন্ত। বর্তমানে আবেদন গ্রহণ চলছে, যা শেষ হবে ৩ মে ২০২৬। প্রাথমিক বাছাইয়ের পর নির্বাচিত প্রার্থীদের নাম ২৫ জুলাই প্রকাশ করা হবে বলে জানিয়েছে ওপেনএআই।

সূত্র: টেকক্লুসিভ ডট ইন