পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে বাংলাদেশ থেকে ছয়জন ক্রিকেটার গিয়েছেন। তাদের মধ্যে সবচেয়ে দীর্ঘ সময়ের ছাড়পত্র পেয়েছিলেন পারভেজ হোসেন। অন্যরা তাঁর আগেই ফিরে আসার কথা ছিল, কিন্তু এখন তিনিই সকলের আগে দেশে ফিরছেন।
লাহোর কালান্দার্স জানিয়েছে, চোটের কারণে পারভেজ এবারের টুর্নামেন্টে আর খেলবেন না। তিনি আজ রাতেই ঢাকার উদ্দেশে রওনা দেবেন।
প্রথমবারের মতো পিএসএলে খেলতে যাওয়া পারভেজ লাহোরের হয়ে তিনটি ম্যাচ খেলেছেন। প্রথম দুই ম্যাচে অল্প রানে আউট হলেও তৃতীয় ম্যাচে খেলেছেন ১৯ বলে ৪৫ রানের ঝোড়ো ইনিংস। সব মিলিয়ে ৩ ইনিংসে ৭১ রান করেছেন ১৬১.৩৬ স্ট্রাইক রেটে।
লাহোর কালান্দার্সের ফেসবুক পেজে পারভেজের টুর্নামেন্ট থেকে বিদায়ের খবর জানিয়ে বলা হয়, গত ৩ এপ্রিল লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে মুলতানের বিপক্ষে ম্যাচের মধ্যে আসিফ আলীর সঙ্গে সংঘর্ষে কাঁধে চোট পেয়েছিলেন পারভেজ।
পিএসএলে খেলার জন্য পারভেজকে ২৫ এপ্রিল পর্যন্ত এনওসি দিয়েছিল বিসিবি। একই টুর্নামেন্টে খেলতে এই মুহূর্তে পাকিস্তানে আছেন মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা, শরীফুল ইসলাম, রিশাদ হোসেন ও তানজিদ হাসান। পাঁচজনই ১৭ এপ্রিল শুরু হতে যাওয়া নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে আছেন। ১২ এপ্রিল পর্যন্ত এনওসি দেওয়ায় পরদিনই দেশে ফিরে আসার কথা মোস্তাফিজদের।
লাহোর জানিয়েছে, পারভেজ শনিবার রাতেই ঢাকার উদ্দেশে পাকিস্তান ছাড়বেন।






