শুক্রবার আইপিএলে রাজস্থান রয়্যালসের ১৫ বছর বয়সী বৈভব সূর্যবংশী আবারও ১৫ বলে ফিফটি করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন। এই মৌসুমে এ নিয়ে তাঁর দুবার এমন অসাধারণ কীর্তি। ২৬ বলে ৭৮ রানের জ্বলজ্বলে ইনিংসে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দেওয়া ২০২ রানের লক্ষ্য ২ ওভার ও ৬ উইকেট বাকি রেখে তাড়া করে জয় নিশ্চিত করেছে রাজস্থান। এই ইনিংসে সূর্যবংশীর নামে বেশ কয়েকটি রেকর্ড যুক্ত হয়েছে।

আইপিএলে ১৮ বলের কমে তাঁর ফিফটি এখন তিনটি, যা এই লিগে সর্বোচ্চ। ১৮ বলের কমে আইপিএলে দুটি ফিফটি আছে ৬ জনের।

স্বীকৃত টি-টুয়েন্টিতে সূর্যবংশীর ১৮ বলের কমে ফিফটি আছে ৪টি। অভিষেক শর্মার আছে পাঁচটি আর ক্রিস গেইল ও কাইরন পোলার্ডের আছে চারটি করে।

চলতি মৌসুমে দুবার ১৫ বলে ফিফটি করেছেন সূর্যবংশী—রাজস্থানের আগে চেন্নাইয়ের বিপক্ষেও। তিনি ছাড়া এক মৌসুমে দুবার ১৫ বলে ফিফটির কীর্তি আছে অস্ট্রেলিয়ার জেইক ফ্রেজার-ম্যাগার্কের, ২০২৪ আইপিএল মৌসুমে।

টি-টুয়েন্টিতে ৩০০–এর বেশি স্ট্রাইক রেটে ৩ বার ৫০ বা তার বেশি রান করার কীর্তি গড়েছেন সূর্যবংশী। কাইরন পোলার্ড এই কীর্তি গড়েছেন চারবার, যা সর্বোচ্চ।

ভুবনেশ্বরকে চার মেরে ইনিংস শুরু করেন সূর্যবংশী। আইপিএলে এখন পর্যন্ত ১১ ইনিংস ব্যাটিং করেছেন তিনি, ৬টিতেই প্রথম বলে বাউন্ডারি মেরেছেন।

ইনিংসের পঞ্চম ওভারের মধ্যে ফিফটি করেছেন তিনি। এখন পর্যন্ত তিনবার পাওয়ারপ্লের মধ্যে ৫০ পূর্ণ করেছেন সূর্যবংশী। রাজস্থানের ব্যাটসম্যানদের মধ্যে এমন কীর্তি আছে জস বাটলারেরও। এ ছাড়া যশস্বী জয়সোয়াল ২ বার এবং মিচেল ল্যাম্ব, বেন স্টোকস ও নীতীশ রানা একবার করে পাওয়ারপ্লের মধ্যে ফিফটি করেছেন।