জাতীয় সংসদে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র সংসদ সদস্য মো. আবুল হাসনাতকে (হাসনাত আবদুল্লাহ) অসহিষ্ণু না হয়ে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেন, “দিস ইজ নট শাহবাগ স্কয়ার” (এটা শাহবাগ চত্বর নয়)।
আজ শুক্রবার মাগরিবের নামাজের পর জাতীয় সংসদের অধিবেশনে সংশোধিত জুলাই স্মৃতি জাদুঘর বিল পাস নিয়ে সরকারি দল ও বিরোধীদলের মধ্যে বিতর্কের সময় হাসনাত আবদুল্লাহর উদ্দেশ্যে স্পিকার এ কথা বলেন।
বিরোধী দল অভিযোগ করে যে, জাতীয় সংসদের বিশেষ কমিটির বৈঠকের সমঝোতা ভঙ্গ করে সরকারি দল সংশোধিত আকারে জুলাই স্মৃতি জাদুঘর বিল পাস করেছে। এর প্রতিবাদে তারা সংসদ থেকে ওয়াকআউট করে। এ বিষয়ে বিরোধী দলের নেতা শফিকুর রহমান ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম কয়েকবার বক্তব্য দেন।
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ পাল্টা জবাব দেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে প্রায় ৪০ মিনিট বিতর্ক চলে।
দুই পক্ষের বিতর্কের মাঝখানে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বিরোধী দলকে শান্ত করার চেষ্টা করেন। তিনি অতীতের সংসদের সঙ্গে বর্তমান সংসদের তুলনা করে বলেন, বর্তমান সংসদ অতীতের তুলনায় অনেক বেশি সহযোগিতামূলক, প্রাণবন্ত ও কার্যকর। এ সময় জুলাই আন্দোলনের সম্মুখসারির নেতা ও এনসিপি সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ নিজ আসন থেকে দাঁড়িয়ে সরকারি দলের ভূমিকার প্রতিবাদ জানান এবং হইচই শুরু করেন।
এরপর স্পিকার হাসনাত আবদুল্লাহর দিকে তাকিয়ে বলেন, “এত অসহিষ্ণু হলে চলবে না মিস্টার আবদুল্লাহ। দিস ইজ নট শাহবাগ স্কয়ার, দিস ইজ পার্লামেন্ট (এটা শাহবাগ চত্বর নয়, এটা সংসদ)। এখানে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে, শুনতে হবে।”
স্পিকারের এ মন্তব্যের পর সংসদে জোরালো চিৎকার-চেঁচামেচি শোনা যায়। তবু স্পিকার কথা চালিয়ে যান এবং বলেন, “এখানে (সংসদে) মৌখিক কথা বলার স্কোপ (সুযোগ) খুবই কম। নোটিশ দেবেন, আমরা তা আমলে নেব।”






