আইপিএলে খেলার জন্য অনাপত্তিপত্র (এনওসি) না পাওয়ায় শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের (এসএলসি) বিরুদ্ধে মামলা করেছিলেন পেসার নুয়ান তুষারা। কিন্তু এবার তিনি তার অবস্থান থেকে পিছু হটে বোর্ডের কাছে ক্ষমা চেয়েছেন। একই সঙ্গে আইনি লড়াই বন্ধ করে সমঝোতার মাধ্যমে বিষয়টি সমাধানের প্রস্তাবও দিয়েছেন।
শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী অ্যাশলে ডি সিলভা ও সভাপতি শাম্মি সিলভাকে পাঠানো একটি ই–মেইলে তুষারা জানিয়েছেন, বোর্ডকে আদালতে নেওয়া বা কোনো চাপে ফেলা তার উদ্দেশ্য ছিল না।
ই–মেইলে তিনি লিখেছেন, ‘আমার একমাত্র উদ্দেশ্য ছিল ন্যায়বিচার পাওয়া। আমার মনে হয়েছিল, এই বিষয়ে আমার সঙ্গে অন্যায় করা হয়েছে। আমি শুধু চেয়েছিলাম আমার উদ্বেগের বিষয়টি যেন গুরুত্ব দিয়ে শোনা হয়। বোর্ডকে ছোট করা বা বিবাদে জড়ানো আমার লক্ষ্য ছিল না।’
তুষারা তার মামলায় এসএলসি প্রেসিডেন্ট শাম্মি সিলভা, সচিব বান্দুলা দিসানায়েকে, কোষাধ্যক্ষ সুজিওয়া গোডালিয়াড্ডা এবং সিইও অ্যাশলে ডি সিলভাকে বিবাদী করেছিলেন।
এখন সেই অবস্থান থেকে সরে এসে নিজের পদক্ষেপের জন্য বোর্ড বা কর্মকর্তাদের যদি কোনো অসুবিধা হয়ে থাকে তা নিয়ে আন্তরিক দুঃখ প্রকাশ করেছেন ৩১ বছর বয়সী এই পেসার।
ই–মেইলে তিনি আরও লিখেছেন, ‘আমার কোনো কাজের কারণে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড বা কর্মকর্তাদের যদি কোনো অসুবিধা বা দুশ্চিন্তার কারণ হয়ে থাকে, তবে তার জন্য আমি আন্তরিকভাবে ক্ষমা চাইছি। আমি আইনি পদক্ষেপ প্রত্যাহার করতে এবং আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান করতে আগ্রহী। আমি আশাবাদী যে আমরা ইতিবাচকভাবে সামনে এগিয়ে যেতে পারব।’ তিনি বিষয়টির একটি সম্মানজনক সমাধান চান এবং মামলা প্রত্যাহার করতেও প্রস্তুত।
আইপিএলে চলতি মৌসুমে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে খেলার কথা ছিল তুষারার। কিন্তু ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারায় বোর্ড তাঁকে ছাড়পত্র দিতে অস্বীকৃতি জানায়। এই সিদ্ধান্তের বিরুদ্ধে আইপিএলে খেলার সুযোগ পাওয়ার জন্য আদালতে মামলা করেছিলেন তিনি।
১ এপ্রিল কলম্বোর জেলা আদালতে বোর্ডের বিরুদ্ধে পিটিশন দাখিল করেন তুষারা। গতকাল তার শুনানি হয়, যেখানে বোর্ড আপত্তি দাখিলের কথা জানায়। আদালত পরবর্তী তারিখ নির্ধারণ করেছে ২৩ এপ্রিল। এখন দেখার বিষয়, তুষারার ক্ষমা প্রার্থনার পর কোনো সমঝোতা হয় কি না।






