রাজশাহীর মোহনপুরে তুচ্ছ ঘটনা নিয়ে ভ্যানচালক আলম মোল্লাকে পিটিয়ে হত্যার অভিযোগে একই এলাকার মজিবর রহমানকে স্থানীয়রা আটক করেছে। আজ শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলার বেলগাছি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আলম মোল্লা (৪৪) উপজেলার বেলগাছি গ্রামের মো. আশরাফের ছেলে। অভিযুক্ত মজিবর রহমান (৫৫) একই গ্রামের পিয়ার দফাদারের ছেলে। ঘটনার পর স্থানীয় লোকজন অভিযুক্তকে বেলগাছি পাঠক ক্লাবের ভেতরে অবরুদ্ধ করে রাখে।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল সাড়ে আটটার দিকে তানোর উপজেলার কালিগঞ্জ হাট থেকে আলম তাঁর ভ্যানে মজিবরকে তাঁর বাড়ির কাছাকাছি নামিয়ে দেন। আলম তাঁর অসুস্থতার কথা উল্লেখ করে মজিবরকে কিছুদূর হাঁটতে বলেন। এ নিয়ে তাঁদের মধ্যে কথা–কাটাকাটি হয়। একপর্যায়ে আলমের মাথায় আঘাত করেন মজিবর। পরে তাঁকে মোহনপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর এলাকাবাসী মজিবরকে বেলগাছি পাঠক ক্লাবে আটকে রাখেন এবং সেখানে স্থানীয় লোকজন জড়ো হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মোহনপুর থানার পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন বলেন, "এ ঘটনায় এলাকার পরিস্থিতি শান্ত রাখতে পুলিশ মোতায়েন রয়েছে। নিহত ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে নেওয়া হবে। মামলার প্রস্তুতি চলছে।"