লিভারপুল মৌসুম শেষে তাদের কিংবদন্তি লেফটব্যাক অ্যান্ডি রবার্টসনের বিদায় ঘোষণা করেছে। ২০১৭ সালে হাল সিটি থেকে ৮০ লাখ পাউন্ডে এই স্কটিশ ডিফেন্ডার লিভারপুলে যোগ দেন। গত ৯ বছরে ক্লাবে দুর্দান্ত সফলতার স্বাদ পেয়েছেন তিনি। তবে সব ভালো সময়েরই একটা শেষ আছে, এবার সেই সময় এসেছে রবার্টসনের জন্য।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে লিভারপুলের পক্ষ থেকে বলা হয়, ‘অ্যানফিল্ডে টানা নয়টি অত্যন্ত সফল মৌসুম কাটানোর পর স্কটল্যান্ড অধিনায়ক গ্রীষ্মে চুক্তির মেয়াদ শেষ হলে ক্লাব ছেড়ে যাবেন। তিনি সত্যিকারের এক কিংবদন্তি হিসেবেই লিভারপুল থেকে বিদায় নেবেন। এখন পর্যন্ত ৩৭৩টি ম্যাচ খেলে সাম্প্রতিক বছরগুলোয় দলের সাফল্যে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।’

লিভারপুলের হয়ে ২টি প্রিমিয়ার লিগ, ১টি চ্যাম্পিয়নস লিগসহ ৯টি শিরোপা জিতেছেন রবার্টসন। নিজের সিদ্ধান্ত জানিয়ে এক ভিডিও বার্তায় তিনি বলেছেন, ‘আমার মনে হয় এখনই সামনে এগিয়ে যাওয়ার সঠিক সময়। এই ৯ বছর আমি সব সময় হাসিমুখে স্মরণ করব।’

ক্লাবের সঙ্গে নিজের সম্পর্ক ব্যাখ্যা করতে রবার্টসন বলেছেন, ‘এই ক্লাব আমার কাছে সবকিছু। সমর্থকেরা আমার কাছে সবকিছু। এই ক্লাবের সঙ্গে জড়িয়ে থাকা প্রতিটি মানুষ আমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। আমি মনে করি, শেষ দিন পর্যন্ত এই ক্লাবের জন্য আমার সর্বোচ্চটা দেওয়া আমার দায়িত্ব। ৯ বছর ধরে আমি সেটাই করে এসেছি, আর সেটা নিয়ে আমি খুব গর্বিত।’

রবার্টসনের আগে মৌসুম শেষে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত জানিয়েছেন মোহাম্মদ সালাহ। একই মৌসুমে লিভারপুলে যোগ দেন রবার্টসন ও সালাহ। সাম্প্রতিক বছরগুলোতে দলের সাফল্যে দুজনেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সতীর্থ রবার্টসনের বিদায় নিয়ে ইনস্টাগ্রামে সালাহ লিখেছেন, ‘তোমার সতীর্থ আর বন্ধু হতে পারাটা আমার জন্য গর্বের। তুমি সবকিছু জিতেছ, আর কিংবদন্তি হিসেবেই বিদায় নিচ্ছ। আমি নিশ্চিত, আবার আমাদের দেখা হবে।’

গত জানুয়ারিতে টটেনহাম রবার্টসনকে দলে নিতে আগ্রহ দেখিয়েছিল, এমনকি দুই ক্লাবের মধ্যে প্রাথমিক সমঝোতাও হয়। কিন্তু লিভারপুল পরে আলোচনা থেকে সরে আসে। এই মৌসুমে কোচ আর্নে স্লটের অধীনে রবার্টসনের একাদশে জায়গা কমে যায়। লিগে মাত্র ছয়টি ম্যাচে শুরু থেকে খেলেছেন তিনি। এর পেছনে বড় কারণ হাঙ্গেরিয়ান লেফটব্যাক মিলোস কেরকেজের আগমন। ফলে এখন রবার্টসনকে নতুন ঠিকানা খুঁজতে হচ্ছে।