নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাজীপাড়া চৌরাস্তায় গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে অভিযান চালিয়ে অবৈধভাবে সয়াবিন তেল উৎপাদনের একটি কারখানা সিলগালা করা হয়েছে।
রূপগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজান ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করে। এতে বিজিবি ও র্যাবের যৌথ দল অংশগ্রহণ করে। আজ শুক্রবার বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল দিবাগত রাত একটার দিকে অভিযানটি চালানো হয়। অভিযানের সময় ভ্রাম্যমাণ আদালত দেখেন, কারখানাটিতে অবৈধভাবে সয়াবিন তেল উৎপাদন ও মজুত করা হচ্ছিল। আদালত তৎক্ষণাৎ কারখানাটি সিলগালার নির্দেশ দেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, কারখানাটির কার্যক্রমসহ মালিকপক্ষের ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা সংশ্লিষ্ট সবার উপস্থিতিতে গ্রহণ করা হবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বিজিবি ও র্যাব দেশের বিভিন্ন স্থানে অবৈধ কার্যক্রম প্রতিরোধে নিয়মিত যৌথ অভিযান চালিয়ে আসছে। জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।






