বাংলা নববর্ষ বা পয়লা বৈশাখ—যে নামেই ডাকি না কেন, এই দিনটি বাঙালিদের জন্য বিশেষ উৎসবের দিন। রাজধানী রঙিন আবরণে ঢেকে যায়। এই উৎসবকে কেন্দ্র করে দেশের পাঁচ তারকা হোটেল ও রিসোর্টগুলোতে বিভিন্ন আয়োজন করা হয়েছে।
তারকা হোটেল ও অভিজাত রিসোর্টগুলোতে পান্তা-ইলিশসহ নানা খাবারের আয়োজন রয়েছে। এছাড়া গ্রামের ঐতিহ্যবাহী মেলার ধাঁচে বিভিন্ন অনুষ্ঠানেরও ব্যবস্থা আছে।
এবার নববর্ষে রাজধানীর পাঁচ তারকা হোটেলগুলোতে ডে লং বা পুরো দিনের আয়োজন চলছে। বাঙালি খাবার নিয়ে ‘বাই ওয়ান গেট টু’ অফার রয়েছে। বিভিন্ন হোটেল-রিসোর্ট পরিবার নিয়ে থাকার পাশাপাশি আনন্দের বিভিন্ন আয়োজন দিচ্ছে। কেউ কেউ শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতাও করেছে।
এসব বৈশাখী আয়োজনে শহুরে মধ্যবিত্ত ও উচ্চ মধ্যবিত্তদের মধ্যে বেশ আগ্রহ দেখা যাচ্ছে। অনেকে খোঁজ নিচ্ছেন কোথায় কী অফার আছে।
রাজধানীর উত্তরার বাসিন্দা মোমেন চৌধুরী একটি তৈরি পোশাকশিল্প প্রতিষ্ঠানে চাকরি করেন। এবার নববর্ষে পরিবার ও বন্ধুদের নিয়ে একটি রিসোর্টে ঘুরতে যাবেন। ছুটির দিনে সবাই মিলে আনন্দ করাই মূল উদ্দেশ্য।
মোমেন চৌধুরী বলেন, “এবারের নববর্ষের আমেজ কিছুটা ভিন্ন। তাই প্রাণ ও প্রকৃতিকে কাছে পেতে সবাইকে নিয়ে ঢাকার বাইরে পরিকল্পনা করেছি। সেখানে দেশীয় খাবারের আয়োজনও রয়েছে। তাই সবাই মিলে একটি পর্যটন বাসও ভাড়া করেছি। পরিবারের ছোটদের নববর্ষে ভিন্ন অভিজ্ঞতার জন্যও ঢাকার বাইরে যাওয়ার পরিকল্পনা।”
একাধিক হোটেল ও রিসোর্টের প্রতিনিধিদের সঙ্গে কথা বলে জানা যায়, গত কয়েকবার রোজা ও ঈদের মধ্যে পয়লা বৈশাখ ছিল। সেই সঙ্গে দেশের রাজনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কা থাকায় নববর্ষে খুব বেশি আয়োজন করা হয়নি।
এবার জাতীয় নির্বাচন শেষে সার্বিক পরিস্থিতি বিবেচনায় ঢাকা ও ঢাকার বাইরে বিভিন্ন হোটেল এবং রিসোর্টে মেলাসহ বিভিন্ন আয়োজন করা হয়েছে।
পাঁচ তারকা হোটেলে কী আয়োজন
রাজধানীর পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন ঢাকা নববর্ষে ‘রঙ্গিলা বৈশাখ’ নামে দিনভর উৎসব আয়োজন করেছে। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে এই আয়োজন। এতে ইলিশ, পান্তা ও জিলাপিসহ নানা দেশীয় খাবার রয়েছে। শিশুদের জন্য জাম্পিং ক্যাসল, তোতা খেলা, বায়োস্কোপ, বেলুন শুটিং, জাদু প্রদর্শনী ও বানর খেলা আছে। এছাড়া মেহেদি ও ফেইস আর্টও রয়েছে। অংশগ্রহণের জন্য জনপ্রতি খরচ ১ হাজার ৮০০ টাকা।
এই হোটেলে ‘বৈশাখী ভোজ’ নামে বিশেষ খাবারের আয়োজন রয়েছে। এতে ‘ইট ফোর, বাই ওয়ান’ অফার আছে। স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ, ব্র্যাক ব্যাংক ও ট্রাস্ট ব্যাংকের ক্রেডিট কার্ড গ্রাহকেরা বাই ওয়ান, গেট ওয়ান ও বাই ওয়ান, গেট টু অফার পাবেন। খাবারের দুই শ্রেণির দাম ৮ হাজার ৪৫০ টাকা ও ৬ হাজার ৮০০ টাকা।
রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন ঢাকার যোগাযোগ ও বিপণনের জ্যেষ্ঠ ব্যবস্থাপক মানফুজা মাসুদ চৌধুরী মুক্তকণ্ঠকে বলেন, সব মিলিয়ে এই আয়োজনে ৫০০ থেকে ৭০০ মানুষ অংশ নিতে পারবেন। এ ছাড়া আয়োজনে অংশ নেওয়া মোট ছয় দম্পতির জন্য রয়েছে বিশেষ পুরস্কার।
আরেক পাঁচ তারকা হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘বৈশাখ উৎসব’ নামে দিনভর আয়োজন রয়েছে। নববর্ষের দিন বেলা ১১টা ৩০ মিনিট থেকে রাত ৮টা পর্যন্ত উইন্টার গার্ডেন ও রূপসী বাংলা গ্র্যান্ড বলরুমে চলবে। মূল আকর্ষণ বৈশাখী খাবার, লাইভ ব্যান্ড সংগীত ও নৃত্য। শিশুদের জন্য নাগরদোলা, ম্যাজিক শো, বাবল হাউস, ব্লক আর্টসহ নানা আয়োজন। চিত্রাঙ্কন প্রতিযোগিতা, মিউজিক্যাল চেয়ার, ফেইস পেইন্টিংও আছে। অংশগ্রহণ ফি ২ হাজার ৫০০ টাকা।
হোটেল ইন্টারকন্টিনেন্টালের বিপণন পরিচালক সাদমান সালাউদ্দিন বলেন, “ইন্টারকন্টিনেন্টাল চালুর পর এটি নববর্ষ উপলক্ষে সবচেয়ে বড় আয়োজন। অনেকটা গ্রামের ঐতিহ্যবাহী মেলার আদলে এই আয়োজন করা হচ্ছে। ছোট ও বড় সবার জন্য বিশেষ কিছু আয়োজন থাকবে এই মেলায়।”
রাজধানীর বিমানবন্দর এলাকার পাঁচ তারকা হোটেল ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে নববর্ষে মেলা আয়োজন করেছে। সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে। টিকিটের মূল্য জনপ্রতি ২ হাজার টাকা। দুই বছরের কম বয়সী শিশুদের প্রবেশ ফ্রি।
মেলায় চটপটি, ঝালমুড়ি, পিঠা, গুড়ের চা, আইসক্রিমসহ দেশীয় খাবার আছে। আলপনা অঙ্কন, লাইভ সংগীত, ম্যাজিক শো, পাপেট শো, বেলুন শুটিং, নাগরদোলা, চু চু ট্রেন রয়েছে। মাটির হস্তশিল্প, জামদানি শাড়ি, হ্যান্ডমেড ক্র্যাফট, ফেইস পেইন্টিং, ব্লক মেহেদি, ইন্টারেকটিভ খেলা ও শিশুদের খেলাও আছে।
অন্য তারকা হোটেলে যা আছে
ঢাকার রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টে নববর্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজিত হয়েছে। পাঁচ থেকে বারো বছরের শিশুরা দুই ক্যাটাগরিতে অংশ নিতে পারবে। আগে থেকে নিবন্ধন দরকার। এছাড়া ফেস পেইন্ট, বাউল গান, মেহেদি উৎসব, বায়োস্কোপ, চুড়ির মেলা, বৈশাখী ভোজ রয়েছে। ছবি আকার লাইভ ক্যানভাস, গ্যামিং জোন, পুথি গান, লালনসংগীত, বৈশাখী ফটো বুথও আছে।
রাজধানীর বাইরে বগুড়ার নওয়াপাড়ায় মম ইন রিসোর্ট অ্যান্ড পার্কে বিশেষ আয়োজন রয়েছে। জনপ্রতি খরচ ৮৯৯ টাকা। সকালে দেশীয় খাবার ও বাঙালিয়ানা ঐতিহ্য নিয়ে আয়োজন।
কক্সবাজারের সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পাতে ‘বৈশাখ স্টেকেশন’ প্যাকেজ চালু হয়েছে। দুজনের এক রাতের প্যাকেজে বৈশাখী প্লেটার, বৈশাখী বুফে ব্রেকফাস্টসহ সুবিধা। খরচ ৮ হাজার টাকা।
রিসোর্টেও নানা অফার
গাজীপুরের ভাওয়াল রিসোর্ট অ্যান্ড স্পাতে দুজনের জন্য প্যাকেজ রয়েছে। ভিলায় রাত্রিযাপন, মধ্যাহ্নভোজ বুফে, বৈশাখী আনন্দমেলা আছে। সকালের নাশতা, বায়োস্কোপ, হাওয়াই মিঠাই, সাংস্কৃতিক সন্ধ্যা রয়েছে। অন্যান্য সেবা ব্যবহারযোগ্য। দাম ১৭ হাজার ৫০০ টাকা।
ছুটি রিসোর্টে পান্তা-ইলিশসহ ঐতিহ্যবাহী খাবার, মৌসুমি ফল আছে। নাগরদোলা, হাওয়াই মিঠাই, বেলুন ফুটানো রয়েছে। দিনব্যাপী প্যাকেজ জনপ্রতি ২ হাজার ৮০০ টাকা। ১০ বছরের কমের জন্য ১ হাজার ৯০০ টাকা। পাঁচ বছরের কম শিশুদের ফ্রি।
গাজীপুর, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জসহ রাজধানীর আশপাশের অনেক রিসোর্টে বৈশাখী অফার আছে। ভ্রমণপ্রেমীদের আগ্রহ বাড়ছে।






