‘আবাহনী-মোহামেডান ম্যাচ ঘিরে আগের সেই উত্তাপ নেই’—কুমিল্লা থেকে কাল মুঠোফোনে আবাহনী লিমিটেডের ম্যানেজার ও জাতীয় দলের সাবেক মিডফিল্ডার সত্যজিৎ দাশ রুপুর বলা এ কথাটি আসলে অনেক বছর ধরেই শুনতে হচ্ছে।
দেশের ফুটবলের সেই সোনালি যুগ, গ্যালারিভর্তি দর্শকের উন্মাদনা, ঘরোয়া ফুটবল নিয়ে তর্কের ঝড়—সবই এখন স্মৃতির অংশ। তবু নামের ভারে আবাহনী–মোহামেডান ম্যাচের এখনো একটা গুরুত্ব রয়েছে। আজ বেলা সাড়ে তিনটায় কুমিল্লার ভাষাসৈনিক ধীরেন্দ্র নাথ দত্ত স্টেডিয়ামে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই শুরু হবে, যার দিকে দেশের ফুটবলপ্রেমীদের দৃষ্টি থাকবেই।
১৮ ম্যাচের লিগে ১১ রাউন্ড শেষে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে বসে আছে বসুন্ধরা কিংস। ১৯ পয়েন্টসহ তৃতীয় স্থানের আবাহনীর জন্য আজকের ম্যাচ শিরোপা লড়াইয়ে টিকে থাকার চ্যালেঞ্জ। অন্যদিকে ১১ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে থাকা মোহামেডানের জন্য এটি আরও নিচে না নামার পরীক্ষা।
প্রথম পর্বে কুমিল্লার মাঠেই মোহামেডান আবাহনীকে ৩-২ গোলে হারিয়েছিল। তবে পয়েন্ট তালিকার অবস্থানের কারণে আজ তারা মানসিকভাবে অনেকটা পিছিয়ে। কোচ আলফাজ আহমেদ তবু আশাবাদী, আবাহনীকে হারিয়ে টেবিলের উপরের দিকে উঠে আসার প্রত্যাশা করছেন। সেই জয়ের আশায় সাদাকালোরা তাকিয়ে আছে উজবেক মিডফিল্ডার মোজাফরভ এবং ঘানার স্ট্রাইকার বোয়াটেংয়ের দিকে।
দলের বর্তমান অবস্থা নিয়ে কোচ আলফাজের কণ্ঠে হতাশা ঝরছে বেশি। ২৩ বছর পর গত মৌসুমে শীর্ষ লিগ জিতেছিল সাদাকালোরা, এবার তারা ধুঁকছে। লিগে লম্বা বিরতি, সার্ক খেলোয়াড়দের স্থানীয় কোটায় খেলানো এবং বিদেশি খেলোয়াড়ের কোটা কমে যাওয়াকেই তিনি ব্যর্থতার কারণ মনে করেন। ‘বারবার লম্বা বিরতি পড়লে খেলার জৌলুস থাকে না। আবার সেই প্রথম থেকে শুরু করতে হয়। গতবার বিদেশি ফুটবলার ছিল চারজন, এবার তিনজন। তা ছাড়া আমরা সার্ক কোটায় কোনো খেলোয়াড় নিইনি। এসবই দলের খারাপ করার অন্যতম কারণ।’
আবাহনী শিবিরেও স্বস্তি নেই। মালির স্ট্রাইকার সুলেমান দিয়াবাতে ও এমেকা থাকলেও চোটের কারণে ব্রাজিলিয়ান স্ট্রাইকার ব্রুনোর আজ খেলার সম্ভাবনা নেই। তবু মোহামেডানকে হারিয়ে শিরোপা লড়াইয়ে ভালো অবস্থান ধরে রাখার আশা আবাহনীর। সহকারী কোচ প্রাণতোষ দাস বলেছেন, ‘লড়াইয়ে থাকতে হলে এ ম্যাচে আমাদের জয় চাই-ই চাই। জয় ছাড়া অন্য কিছু ভাবার সুযোগ নেই।’
গত বছরের ২৬ সেপ্টেম্বর থেকে শুরু বাংলাদেশ ফুটবল লিগে জাতীয় দলের ম্যাচ ও জাতীয় নির্বাচনের কারণে বারবার বিরতি পড়েছে। ফুটবলাররা ক্লান্ত হয়ে পড়েছেন। তবে বাফুফের সূচি অনুযায়ী আজ থেকে লিগ শুরু হয়ে আর বিরতি ছাড়াই চলবে। বাকি আট রাউন্ড একটানা চলবে, লিগ শেষ হওয়ার কথা ২৩ মে।
আজ লিগের অন্য দুটি ম্যাচে মুন্সিগঞ্জে ফকিরেরপুল ইয়ংমেনসের সঙ্গে লড়বে ব্রাদার্স এবং গাজীপুরে পিডব্লিউডি খেলবে রহমতগঞ্জের বিপক্ষে। তবে সবার চোখ থাকবে কুমিল্লার মাঠে। সত্যজিৎ দাশ রুপুর কথায় যতই হাহাকার থাকুক, আবাহনী–মোহামেডান ম্যাচ বলে কথা!






