প্রিমিয়ার লিগের পর চ্যাম্পিয়নশিপ থেকেও অবনমনের আশঙ্কায় পড়েছে লেস্টার সিটি। ২০১৬ সালে প্রিমিয়ার লিগ জয়ী এই ক্লাব আগামী মৌসুমে ইংলিশ ফুটবলের তৃতীয় স্তর লিগ ওয়ানে নামতে পারে। মাঠের খারাপ ফলাফলের সঙ্কটের সঙ্গে আর্থিক নিয়ম লঙ্ঘনের জন্য পয়েন্ট কাটায় হামজা চৌধুরীর দল এমন দুর্দিনে পৌঁছে গেছে।
ইংলিশ ফুটবলের দ্বিতীয় স্তর চ্যাম্পিয়নশিপে লেস্টার এখন পয়েন্ট তালিকার ২২ নম্বরে রয়েছে। অবনমন এড়াতে হলে ন্যূনতম ২১তম হয়ে লিগ শেষ করতে হবে। এর জন্য হামজাদের হাতে এখন মাত্র পাঁচ ম্যাচ বাকি।
গত মৌসুমে প্রিমিয়ার লিগে খেলা লেস্টার চ্যাম্পিয়নশিপে শুরু থেকেই অস্থির অবস্থায় ছিল। ফেব্রুয়ারিতে এক স্বাধীন কমিশনের রায় এসে পরিস্থিতি আরও খারাপ করে দেয়। কমিশন জানায়, লেস্টার ২০২১-২২ থেকে ২০২৩-২৪ মৌসুম পর্যন্ত তিন বছরে ‘প্রফিট অ্যান্ড সাসটেইনেবিলিটি’ সংক্রান্ত নিয়ম (পিএসআর) লঙ্ঘন করেছে। চ্যাম্পিয়নশিপ থেকে প্রমোশন পাওয়ার ওই সময় তাদের ঘাটতি ছিল ২০ কোটি পাউন্ডেরও বেশি, যদিও নিয়মমতে তা ৮.১ কোটির মধ্যে থাকা উচিত ছিল।
আর্থিক লঙ্ঘনের জন্য কমিশন লেস্টারের ৬ পয়েন্ট কেটে নেওয়ার রায় দেয়। এতে ক্লাবটি তাৎক্ষণাৎ চ্যাম্পিয়নশিপে ১৭তম থেকে ২০তম স্থানে নেমে আসে। তখনো অবনমনের জোনের বাইরে ছিল দলটি। লেস্টার পরে পয়েন্ট কাটার বিরুদ্ধে আপিল করে। কিন্তু সর্বশেষ ৯ ম্যাচে মাত্র ৯ পয়েন্ট নিয়ে ২২তম স্থানে চলে আসে।
বুধবার প্রিমিয়ার লিগ এক বিবৃতিতে বলেছে, ‘চলতি মৌসুমে লেস্টার সিটি ফুটবল ক্লাবের ৬ পয়েন্ট কেটে নেওয়ার জন্য একটি স্বাধীন কমিশনের সুপারিশকৃত সিদ্ধান্তটি আপিল বোর্ড বহাল রেখেছে।’ ফলে লেস্টারের অবনমন এড়ানোর লড়াই সম্পূর্ণ মাঠের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে।
৪১ ম্যাচে ১১ জয় ও ১৪ ড্র নিয়ে লেস্টারের পয়েন্ট এখন ৪১। ২৩তম স্থানের অক্সফোর্ড ইউনাইটেডেরও ৪১ ম্যাচে ৪১ পয়েন্ট। দুইবার ১৮ পয়েন্ট কাটা শেফিল্ড ওয়েনসডে মাইনাস ৫ পয়েন্ট নিয়ে ইতিমধ্যে অবনমন নিশ্চিত হয়েছে।
লেস্টার ও অক্সফোর্ডকে এখন শেষ পাঁচ ম্যাচে যথেষ্ট পয়েন্ট তুলতে হবে অবনমন এড়াতে। ২১তম পোস্টমাউথের ৪০ ম্যাচে ৪২ পয়েন্ট, ২০তম ওয়েস্ট ব্রমের ৪১ ম্যাচে ৪৫ পয়েন্ট।
২০০৮ সালের পর লিগ ওয়ানে ফেরা এড়াতে লেস্টার শেষ পাঁচ ম্যাচের দিকে তাকিয়ে আছে। আপিলে পয়েন্ট কাটার রায় বহাল থাকায় ক্লাব এক বিবৃতিতে জানিয়েছে, ‘মৌসুমের আর মাত্র পাঁচটি ম্যাচ বাকি। ক্লাবের প্রত্যেকে এখন সামনের ম্যাচগুলোর দিকে পুরোপুরি মনোনিবেশ করছে, যাতে মাঠের পারফরম্যান্সের মাধ্যমে মৌসুমের ফলাফল নিজেদের অনুকূলে আনা যায়।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘এখন মূল দায়িত্ব হলো বর্তমান পরিস্থিতির দাবি অনুযায়ী পূর্ণ একাগ্রতা ও লক্ষ্যের সঙ্গে অবশিষ্ট ম্যাচগুলোতে অংশ নেওয়া।’
লেস্টারের পরবর্তী ম্যাচ শনিবার সোয়ানসি সিটির বিপক্ষে। তারা ৪১ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে ১৫ নম্বরে রয়েছে।






