সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন এখন আর দূরে নেই। কাল এ ব্যাপারে তফসিল ঘোষণা হবে। ২০২৬ সালের সাধারণ নির্বাচনে নারী প্রার্থীদের মনোনয়ন ও নির্বাচিত হওয়ার হার ছিল খুবই কম। ফলে অনেক যোগ্য নারী রাজনীতিবিদ, তৃণমূলের সংগ্রামী কর্মী এবং দীর্ঘকালীন সংগঠকদের কাছে এই ৫০টি সংরক্ষিত আসনই চূড়ান্ত আশার আলো।
কিন্তু বিভিন্ন পত্রিকার প্রতিবেদনে জানা যাচ্ছে, অনেক রাজনৈতিক দলে ভিতরে-ভিতরে সংরক্ষিত আসনে কারা যাবেন, সে সিদ্ধান্ত প্রায় নির্ধারিত হয়ে গেছে। অথচ অধিকাংশ নারী এখনো জানেন না—আবেদন কোথায় জমা দিতে হবে, প্রক্রিয়া কী, মানদণ্ড কী এবং সিদ্ধান্ত নিচ্ছেন কারা। অনেকে পার্টি অফিসে সিভি জমা দিয়েছেন।
এতে পুরো প্রক্রিয়া শুরু থেকেই নারীদের সামনে স্বচ্ছ ও ন্যায়সঙ্গত পথ না খুলে অনিশ্চয়তা, অস্বস্তি এবং অদৃশ্য ক্ষমতার বাস্তবতাকে সামনে এনে দাঁড়িয়েছে। অনেকের কাছে এ প্রক্রিয়া যোগ্যতা ও মেধার লড়াইয়ের চেয়ে ‘অদৃশ্য ক্ষমতার খেলা’য় পরিণত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
সুনির্দিষ্ট নীতিমালার অভাবে অনেক নারীকে এখন প্রভাবশালী নেতা বা মধ্যস্থতাকারীদের ওপর নির্ভর করতে হচ্ছে। বিশেষ করে ঢাকার বাইরের নারীদের জন্য এটি আরও কঠিন। রাজনীতি যখন ত্যাগ বা অভিজ্ঞতার চেয়ে ‘কার মাধ্যমে নাম যাবে’ এই তত্ত্বে আটকে যায়, তখন গণতান্ত্রিক মূল্যবোধ ক্ষুণ্ন হয়।
সবচেয়ে বড় ঝুঁকি হলো, এই অস্বচ্ছতা পেশিশক্তি ও অনৈতিক লেনদেনের সুযোগ তৈরি করে। যখন নিয়ম পরিষ্কার থাকে না, তখন কিছু মানুষ নিজেদের ‘প্রভাবশালী মাধ্যম’ হিসেবে জাহির করে। এতে শুধু নারীরাই ক্ষতিগ্রস্ত হন না, দলের ভাবমূর্তি ও রাজনৈতিক সততাও প্রশ্নবিদ্ধ হয়।
রাজনৈতিক দলগুলোর নিজস্ব নারী সংগঠন থাকলেও মনোনয়ন প্রক্রিয়ায় তাদের কোনো প্রাতিষ্ঠানিক বা সিদ্ধান্তমূলক ভূমিকা নেই বললেই চলে। যারা বছরজুড়ে মাঠের রাজনীতি সচল রাখেন, মনোনয়ন প্রক্রিয়ায় তাদের মতামত বা সুপারিশের কোনো স্তর না থাকাটা দুঃখজনক। ফলে দলের ভিত গড়ে তোলা কর্মীরা নীতিনির্ধারণ প্রক্রিয়ার বাইরে থেকে যাচ্ছেন। এটি নারী সংগঠনগুলোর কার্যকর ভূমিকা রাখার সক্ষমতাকে দুর্বল করে দিচ্ছে।
যদি সংরক্ষিত আসনে মনোনয়নের ভিত্তি রাজনৈতিক যোগ্যতা না হয়ে ব্যক্তিগত আনুগত্য হয়, তবে তার প্রভাব সরাসরি সংসদে পড়ে। এর ফলে অরাজনৈতিক বা অপ্রস্তুত ব্যক্তিরা সংসদে ঠাঁই পেতে পারেন। সংখ্যাতাত্ত্বিকভাবে নারীর উপস্থিতি বাড়লেও, আইন প্রণয়ন বা নীতি-আলোচনায় তাদের কার্যকর অংশগ্রহণ সংকুচিত হয়ে পড়ে। পরিশেষে, এই ব্যর্থতার দায় পুরো নারী নেতৃত্বের ওপর চাপিয়ে তাঁদের ‘অযোগ্য’ হিসেবে চিহ্নিত করা সহজ হয়, যা অত্যন্ত অন্যায্য।
প্রতিনিধিত্বশীল গণতন্ত্রে স্বচ্ছতা অপরিহার্য। মনোনয়নের বর্তমান পদ্ধতি অনেক ক্ষেত্রে নির্বাচিত হওয়ার চেয়ে ‘মনোনীত’ বা ‘নির্ধারিত’ হওয়ার রূপ নিচ্ছে। এতে সংসদ সদস্যদের জনভিত্তি দুর্বল হয় এবং তাঁরা প্রকৃত জনপ্রতিনিধি হিসেবে আত্মবিশ্বাস নিয়ে কাজ করতে বাধাগ্রস্ত হন।
রাজনীতি যদি সত্যিই অধিকার ও গণতন্ত্রের জায়গা হয়, তবে সেই পথ উন্মুক্ত ও মর্যাদাপূর্ণ হওয়া উচিত। দলগুলোর কাছে প্রত্যাশা:
• প্রকাশ্য আহ্বান: সংরক্ষিত আসনের জন্য আনুষ্ঠানিকভাবে আবেদন আহ্বান ও সময়সীমা ঘোষণা করা।
• স্পষ্ট মানদণ্ড: যোগ্যতার সুনির্দিষ্ট মাপকাঠি ও মনোনয়ন বোর্ডের গঠনপ্রক্রিয়া প্রকাশ করা।
• ডিজিটাল ও স্থানীয় সমন্বয়: জেলা পর্যায় ও অনলাইনে আবেদন গ্রহণের মাধ্যমে প্রক্রিয়াকে সহজতর করা।
• কাঠামোগত সংস্কার: মনোনয়ন বাছাইপ্রক্রিয়ায় দলীয় নারী সংগঠনের ভূমিকা নিশ্চিত করা।
নারীদের জন্য শুধু আসন বরাদ্দ করাই যথেষ্ট নয়, সেই আসনে পৌঁছানোর পথ স্বচ্ছ ও সম্মানজনক হতে হবে। রাজনৈতিক দলগুলো যদি ‘গোপন করিডর’ বন্ধ করে ‘স্বচ্ছ দরজা’ উন্মুক্ত করে, তবেই প্রকৃত নারী নেতৃত্ব গড়ে উঠবে এবং গণতন্ত্র শক্তিশালী হবে।
লিপিকা বিশ্বাস নারীর রাজনৈতিক ক্ষমতায়নবিষয়ক বিশ্লেষক; সিনিয়র ডিরেক্টর, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল
মতামত লেখকের নিজস্ব






