শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরে (ডিআইএ) নিয়োগের জন্য শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা মন্ত্রণালয়ে সবচেয়ে বেশি ভিড় করেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। এই সংস্থার কর্মকর্তারা শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে গিয়ে শিক্ষক-কর্মচারীদের কাছ থেকে এক মাসের এমপিওর সমান আর্থিক সুবিধা নেন বলেও অভিযোগ করেছেন তিনি।
বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী। প্রসঙ্গক্রমে তিনি ডিআইএ নিয়ে কথা বলেন।
শিক্ষাপ্রতিষ্ঠানের সরকারি তহবিলের হিসাব রক্ষায় ডিআইএ গঠন করা হয়েছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, “ডিআইএর লোকজন যখনই আমাদের কলেজগুলোয় পরিদর্শনে যান, গেলেই নাকি শিক্ষকেরা “ওয়ান মান্থ এমপিও” দিয়ে দেন। এটা বাংলা বললাম, উনি (অনুষ্ঠানে উপস্থিত ইউনিসেফের প্রতিনিধি) যেন না বোঝেন। ওয়ান মান্থ এমপিও দেন, এ কারণে ডিআইএতে নিয়োগ দেওয়ার জন্য আমার কাছ সবচেয়ে বড় ভিড়।”
শিক্ষামন্ত্রী জানান, তাঁর সহকর্মীদের কাছে ডিআইএতে বদলির অনুরোধ নিয়ে এলে তাঁকে পাঠিয়ে দেওয়ার নির্দেশ দেন। তখন তাঁর কাছে আসার পর প্রশ্ন করলে ওই কর্মকর্তারা আস্তে আস্তে দূরে সরে যান। প্রধান শিক্ষা পরিদর্শকের কার্যালয় গঠন হলে ডিআইএর ক্ষমতা কমবে বলেও উল্লেখ করেন তিনি।
দেশের মাধ্যমিক ও কলেজ পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর নিরীক্ষা এবং শিক্ষা কার্যক্রম পরিদর্শন করে শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর (ডিআইএ)। তবে এ সংস্থার কাজকর্ম নিয়ে প্রায়ই নানা অভিযোগ ওঠে। বিশেষ করে পরিদর্শনের নামে কর্মকর্তাদের বিরুদ্ধে শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আর্থিক সুবিধা নেওয়ার অভিযোগ উঠে। এটি দীর্ঘদিনের একটি পুরোনো সমস্যা।






