জ্বালানি সাশ্রয়ের জন্য বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের ম্যাচগুলোর শুরুর সময় পরিবর্তনের কথা গতকাল বিসিবি সভাপতি তামিম ইকবাল জানিয়েছিলেন। তবে তখন সুনির্দিষ্ট সময় ঘোষণা করা হয়নি। আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজের ম্যাচগুলোর নতুন শুরুর সময় জানিয়ে দিয়েছে।

নতুন সময়সূচি অনুসারে ওয়ানডে সিরিজের ম্যাচগুলো বেলা ১১টায় শুরু হবে, আর টি-টুয়েন্টি সিরিজের ম্যাচ দুপুর ২টায়। এর আগে ওয়ানডে ম্যাচ বিকেল ৩টায় এবং টি-টুয়েন্টি সন্ধ্যা ৬টায় শুরুর কথা ছিল। এবার ওয়ানডে ম্যাচগুলো সন্ধ্যা সাড়ে ৬টার মধ্যে এবং টি-টুয়েন্টি বিকেল ৫টা ১০ মিনিটের মধ্যে শেষ করার লক্ষ্য রাখা হয়েছে।

তিন ম্যাচের ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজ খেলতে নিউজিল্যান্ড দল বাংলাদেশে আসছে ১৩ এপ্রিল। মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ ১৭ এপ্রিল এবং দ্বিতীয় ম্যাচ ২০ তারিখ অনুষ্ঠিত হবে।

তৃতীয় ওয়ানডে হবে ২৩ এপ্রিল চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে। টি-টুয়েন্টি সিরিজের প্রথম দুটি ম্যাচও এই মাঠে ২৭ ও ২৯ এপ্রিল অনুষ্ঠিত হবে। এরপর দুই দল ঢাকায় ফিরে শেরে বাংলা স্টেডিয়ামে ২ মে তৃতীয় টি-টুয়েন্টি খেলবে।

চলতি মাসে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে শ্রীলঙ্কা নারী দলও বাংলাদেশে আসবে। ওই ম্যাচগুলোর শুরুর সময়ও ছিল সন্ধ্যা ৬টা। এই সিরিজের ম্যাচগুলো দুপুরে শুরু করার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।