জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে স্বচ্ছ ও আধুনিক করতে সরকার কিউআর কোডভিত্তিক সেবা চালু করেছে। এ সেবা ‘ফুয়েল পাস’ মোবাইল অ্যাপের মাধ্যমে দেওয়া হবে।

প্রথম ধাপে ঢাকার দুটি ফিলিং স্টেশনে মোটরসাইকেলের জ্বালানি গ্রাহকদের জন্য বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) এটি পরীক্ষামূলকভাবে চালু করেছে। আজ বৃহস্পতিবার সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এ ঘোষণা দিয়েছে। বিভাগ জানিয়েছে, বিপিসির এই অ্যাপ ধাপে ধাপে সারা দেশে সব যানবাহনের জন্য চালু করা হবে। পরীক্ষামূলকভাবে রাজধানীর তেজগাঁও এলাকার ট্রাস্ট ফিলিং স্টেশন ও আসাদগেটের সোনার বাংলা ফিলিং স্টেশনে এটি চালু হয়েছে।

জ্বালানি বিভাগ জানিয়েছে, জ্বালানি বিতরণে মনুষ্যচালিত প্রক্রিয়ার কারণে বিলম্বসহ বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে। পর্যাপ্ত জ্বালানি থাকলেও প্রতিটি ফিলিং স্টেশনে যানবাহনের দীর্ঘ সারি লাগছে। একই ব্যক্তি একাধিকবার এসে সারিতে দাঁড়িয়ে প্রয়োজনের চেয়ে বেশি জ্বালানি সংগ্রহ করছেন, যা কৃত্রিম সংকট সৃষ্টি করছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় এই ডিজিটাল ব্যবস্থা জ্বালানি বিতরণকে পুরোপুরি স্বয়ংক্রিয় করে তাৎক্ষণিক নজরদারির আওতায় আনবে। অ্যাপটি বিআরটিএ কেন্দ্রীয় ডেটাবেজের সঙ্গে সংযুক্ত থাকবে।

গ্রাহকদের স্মার্টফোন না থাকলেও ওয়েবসাইটে নিবন্ধন করে কিউআর কোড ডাউনলোড করে প্রিন্ট নিতে পারবেন বলে জানিয়েছে জ্বালানি বিভাগ। ফিলিং স্টেশনের মালিকরা ডিজিটালভাবে এন্ট্রি করলে গ্রাহকরা কিউআর কোড স্ক্যান করে জ্বালানি নিতে পারবেন এবং পূর্বনির্ধারিত বরাদ্দের পরিমাণ দেখতে পারবেন।

কেন্দ্রীয় ড্যাশবোর্ডের মাধ্যমে জাতীয় পর্যায়ে জ্বালানি সরবরাহ ও বিতরণের অবস্থা তাৎক্ষণিক পর্যবেক্ষণ করা যাবে বলে জানিয়েছে জ্বালানি বিভাগ। এ উদ্যোগে জ্বালানি সরবরাহে স্বচ্ছতা বাড়বে, অনিয়ম-অপচয় কমবে এবং সংকটকালে কার্যকর ব্যবস্থাপনা সম্ভব হবে।