নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষে এক দোকানির প্রাণহানি হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সোয়া আটটার দিকে উপজেলার মুছাপুর ইউনিয়নের জোরালগঞ্জ সড়কে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত দোকানির নাম আবু তাহের (৪৮)। তিনি একই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ মুছাপুর গ্রামের আবুল হাসেমের ছেলে। তিনি স্থানীয় চৌধুরীহাট বাজারের চা–দোকানি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে পারিবারিক কাজে মোটরসাইকেল নিয়ে স্থানীয় মৌলভীবাজারের উদ্দেশে বের হন আবু তাহের। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে তাঁর মোটরসাইকেলের সংঘর্ষ হয়। ওই সময় ট্রাক্টরের চাকা তাঁর শরীরের ওপর দিয়ে চলে যায়। এতে আবু তাহের গুরুতর আহত হন। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জানতে চাইলে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম মুক্তকণ্ঠকে বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে অভিযোগ পেলে পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”






