জ্বালানি সংকট, তীব্র যানজট এবং ভবিষ্যৎ প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থার বাস্তবতা বিবেচনায় শিক্ষা মন্ত্রণালয় রাজধানীর কয়েকটি নির্বাচিত শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষামূলকভাবে অনলাইন ও সশরীরে ক্লাসের (ব্লেন্ডেড) পদ্ধতি চালুর সিদ্ধান্ত নিয়েছে।
আজ বৃহস্পতিবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। আগামী সপ্তাহ থেকে এ পদ্ধতি শুরু হবে। ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু প্রতিষ্ঠানে এটি চালু হচ্ছে বলে জানা গেছে।
এই পদ্ধতিতে সপ্তাহে ছয় দিন ক্লাস হবে—তিন দিন অনলাইন এবং তিন দিন সশরীরে। শনিবার, সোমবার ও বুধবার সশরীরে ক্লাস এবং রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেওয়া হবে। শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকবে। শিক্ষকেরা শিক্ষাপ্রতিষ্ঠানে সশরীরে উপস্থিত হয়ে ক্লাস নেবেন। যেসব প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালানোর সক্ষমতা আছে, সেখানেই এটি প্রয়োগ করা হবে।






