নতুন সপ্তাহে ব্যস্ততার মাঝেও বই পড়ার আনন্দ যোগ করতে চাইলে এই চারটি বই বেছে নিন। নিয়মিত পাঠক হোন বা নতুন করে শুরু করতে চান, এগুলো আপনার জন্য উপযুক্ত।
ইমপারফেক্ট উইমেন
বইটির গল্প আবর্তিত হয় ন্যান্সি হেনেসি নামের এক নারীর খুন নিয়ে। তার মৃত্যুর পর প্রকাশ পায় এক গোপন রহস্য—এক প্রেমিকের পরিচয়, যার কথা জানত না তার স্বামী, বন্ধুরা বা এমনকি মেয়েও। গল্পটি শিগগিরই অ্যাপল টিভি প্লাসে সিরিজ হিসেবে আসছে, যেখানে অভিনয় করবেন এলিজাবেথ মস ও কেরি ওয়াশিংটন।
হয়ার দ্য ওয়াইল্ডফ্লাওয়ার্স গ্রো
উপন্যাসটি শুরু হয় ভয়াবহ দৃশ্য দিয়ে—কারাগারের একটি বাস খাদে পড়ে যায়। এ ঘটনায় বেঁচে যায় মাত্র একজন, লেই। সে পালিয়ে আলাবামার একটি ফুলের খামারে আশ্রয় নেয়। সেখান থেকেই শুরু হয় তার নতুন জীবন, যেখানে কষ্ট, পুনর্জন্ম ও আশার আলো মিশে আছে।
দ্যাটস হোয়াট ফ্রেন্ডস আর ফর
জনপ্রিয় টিভি শো দ্য গোল্ডেন গার্লসের অনুপ্রেরণায় লেখা এই বই বন্ধুত্ব ও বয়সকে আনন্দের সঙ্গে গ্রহণ করার গল্প বয়ে আনে। থিওডোর কোপল্যান্ডের শান্ত জীবনে হঠাৎ এসে পড়ে তার দূরে থাকা বোন ও নাতনি। তাদের আগমনে তার ও তার বন্ধুদের জীবনে নানা অস্থিরতা নেমে আসে।
পাইথন’স কিস: স্টোরিজ
দুবার পুলিৎজারজয়ী লেখক লুইস এরড্রিচের এই নতুন ছোটগল্প সংকলন তাঁর গত দুই দশকের নির্বাচিত লেখা। এতে বিচিত্র চরিত্রের উপস্থিতি রয়েছে। যেমন এক নিউজলেটার সম্পাদক, যার ছেলে এমন গল্প বলে যা তার অভিজ্ঞতার বাইরে। অথবা এক মেয়ে, যে জীবন কাটানোর জন্য একটি পাথরকেই সঙ্গী বেছে নেয়।
সূত্র: টুডে
গ্রন্থনা: রবিউল কমল






