পার্ক দে প্রিন্সে লিভারপুলকে ২–০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের দরজায় পা ডেকে পিএসজি। খিচা কাভারাস্কেইয়ার জাদুকরী গোল এবং দেজিরে দুয়ের লক্ষ্যভেদে বর্তমান চ্যাম্পিয়নরা এগিয়ে গেছে এক ধাপ। গত মৌসুমের ফলাফলের পুনরাবৃত্তি ঘটলো এই জয়ে।

কেন তাঁকে কাভারাডোনা বলা হয়, সেই প্রমাণ দিলেন কাভারাস্কেইয়া। ম্যাচ শেষে তিনি বলেন, “আমাদের আরও গোল করার সুযোগ ছিল। তবে ২-০ ব্যবধানও মন্দ নয়। এখন আমাদের ফিরতি লেগের দিকে মনোযোগ দিতে হবে।” গোল কম হওয়ায় তাঁর আক্ষেপ ছিল।

ম্যাচ শুরু থেকেই পিএসজির আধিপত্য। ১১ মিনিটে লুইস এনরিকের দল এগিয়ে যায়। উসমানে দেম্বেলের সহায়তায় দুয়ের শট ডিফেন্ডারের গায়ে লেগে দিক বদলে জালে প্রবেশ করে। ব্যালন ডি’অর জয়ী দেম্বেলে নিজে গোলের তিনটি সহজ সুযোগ নষ্ট করেন। দ্বিতীয়ার্ধের ৫৩ মিনিটে গোলরক্ষককে একা পেয়েও বল গোলপোস্টের ওপর দিয়ে উড়িয়ে দেন তিনি।

দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময়ে কাভারাস্কেইয়া মাঠের বাঁ প্রান্ত থেকে বল নিয়ে বক্সে ঢুকেন। জাদুকরী পায়ের কারিকুরিতে ডিফেন্ডার ও গোলরক্ষককে ছাড়িয়ে জালে পাঠান এই জর্জিয়ান তারা। চলতি চ্যাম্পিয়নস লিগে এটি তাঁর অষ্টম গোল।

লিভারপুলের গোলরক্ষক গিওর্গি মামারদাশভিলি বেশ কয়েকটি দুর্দান্ত সেভ করে ব্যবধান বাড়তে দেননি। বিশেষ করে প্রথমার্ধের শেষে দুয়ের জোরালো শট রুখে দেন তিনি।

এফএ কাপে ম্যানচেস্টার সিটির কাছে ৪-০ গোলে হেরে লিভারপুল রক্ষণে কিছুটা শৃঙ্খলা ফিরিয়েছিল অধিনায়ক ভার্জিল ফন ডাইকের নেতৃত্বে। তবে আক্রমণে কোচ আর্নে স্লটের পরীক্ষা-নিরীক্ষা কাজে আসেনি। পুরো ম্যাচ মোহাম্মদ সালাহকে বেঞ্চে রাখা নিয়ে আলোচনা চলছে। সাম্প্রতিক সময়ে সালাহ সেরা ছন্দে নেই।

রেকর্ড ১২৫ মিলিয়ন পাউন্ডে কেনা স্ট্রাইকার আলেকজান্ডার ইসাক চোট কাটিয়ে ৭৮ মিনিটে মাঠে নামলেও দলের ভাগ্য বদলাতে পারেননি।

আগামী মঙ্গলবার অ্যানফিল্ডে ফিরতি লেগ। ২০১৯ সালের সেমিফাইনালে বার্সেলোনাকে ৩-০ গোলে পিছিয়ে থেকে ৪-০ জয় করে ফাইনালে গিয়েছিল লিভারপুল। পিএসজির বিপক্ষে সেমিফাইনালে উঠতে হলে তেমনই জাদুকরী প্রত্যাবর্তন লিখতে হবে তাদের।