ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থী জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন, গুম প্রতিরোধ ও প্রতিকারসহ গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো সংসদে বিল আকারে উত্থাপনের দাবিতে আমরণ অনশন শুরু করেছেন। তাঁর সঙ্গে সংহতি জানিয়ে আরেক শিক্ষার্থীও অনশনে যোগ দিয়েছেন।

অনশনে বসা প্রধান শিক্ষার্থীর নাম মো. সাদিক মুনওয়ার মুনেম। তিনি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ছাত্র ও মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল সংসদের কার্যনির্বাহী সদস্য। বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে তিনি এই অনশন কর্মসূচি শুরু করেন। সন্ধ্যায় তাঁর সঙ্গে সংহতি জানিয়ে অনশনে বসেছেন ২০২৪-২৫ শিক্ষাবর্ষের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাকিবুর রহমান।

অনশন শুরুর সময় মো. সাদিক সাংবাদিকদের বলেন, ‘আমাদের স্বপ্ন, আশা এবং সহস্র প্রাণের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশের প্রতিজ্ঞা আজ হুমকির মুখে। ফ্যাসিবাদী কাঠামো সংস্কার করে যে ন্যায়বিচার ও বৈষম্যহীন দেশ গড়ার শপথ আমরা নিয়েছিলাম, বর্তমান সরকারের নানা কর্মকাণ্ডে তা ধূলিসাৎ হওয়ার পথে।’

সাদিক অভিযোগ করে বলেন, ‘গণভোটের রায়কে অস্বীকার করে জাতিকে পুনরায় গুম-খুন-দুর্নীতি ও গোলামির জিঞ্জিরে আবদ্ধ করার এই অপচেষ্টা আমরা মেনে নিতে পারি না। তাই একজন বিক্ষুব্ধ নাগরিক হিসেবে জুলাইয়ের স্পিরিট, আকাঙ্ক্ষা এবং জনগণের রায় রক্ষায় আজ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে আমি অনশনে বসেছি।’

দাবির বিবরণ জানতে চাইলে সাদিক বলেন, গণভোট নিয়ে নাটকীয়তা বন্ধ করে গণভোটে উল্লিখিত বিষয়গুলো সংসদে উত্থাপন ও জনরায়কে বাস্তবায়ন করতে হবে; গুম প্রতিরোধ ও প্রতিকারসহ গুরুত্বপূর্ণ সব অধ্যাদেশ সংসদে বিল আকারে উত্থাপন করতে হবে; গণভোটে উল্লিখিত বিষয়গুলোর বাইরে জুলাই সনদে উল্লিখিত অপর বিষয়গুলো বাস্তবায়নের জন্য পূর্ণাঙ্গ পথনকশা প্রকাশ করতে হবে।

বৃষ্টি উপেক্ষা করে অনশন চালিয়ে যান

বুধবার মধ্যরাতে রাজধানীজুড়ে ঝড়বৃষ্টি নামে। তবু এই পরিস্থিতি উপেক্ষা করে অনশন অব্যাহত রাখেন সাদিক ও সাকিব। এর আগে রাত সাড়ে নয়টায় তাঁদের সঙ্গে সংহতি জানিয়ে সেখানে অবস্থান করেন ডাকসুর ভিপি সাদিক কায়েম ও সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ ও পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লাহ। তাঁরাও বৃষ্টিতে ভিজে সাদিক ও সাকিবের সঙ্গে রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান করেন। সেখানে আরও কয়েকজন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।