জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক লেবাননে ইসরায়েলি বাহিনীর ব্যাপক হামলা ও ধ্বংসযজ্ঞের কঠোর নিন্দা জানিয়েছেন। একদিনেই দেশটিতে অন্তত ২৫৪ জন নিহত হওয়ার ঘটনায় তিনি গভীর উদ্বেগ প্রকাশ করে এই পরিস্থিতিকে ভয়াবহ বলে বর্ণনা করেছেন।

বুধবার এক বিবৃতিতে ফলকার টুর্ক বলেন, ‘ইরানের সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার মাত্র কয়েক ঘণ্টার মধ্যে এমন রক্তপাত অবিশ্বাস্য। এটি বর্তমান ভঙ্গুর শান্তি প্রক্রিয়ার ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করছে, যা সাধারণ মানুষের জন্য এই মুহূর্তে সবচেয়ে বেশি জরুরি।’ তিনি আরও স্মরণ করিয়ে দেন যে, আন্তর্জাতিক মানবিক আইন অনুযায়ী বেসামরিক নাগরিক ও অবকাঠামো রক্ষা করা বাধ্যতামূলক।

জাতিসংঘের এই শীর্ষ কর্মকর্তা বলেন, ‘যেকোনো হামলার ক্ষেত্রে আন্তর্জাতিক মানবিক আইনের মৌলিক নীতিগুলো—যেমন আক্রমণ ও প্রতিরক্ষার পার্থক্য নিরূপণ, হামলার যৌক্তিকতা ও বেসামরিক নাগরিকদের সুরক্ষায় সতর্কতা অবলম্বন—অবশ্যই মেনে চলতে হবে। সশস্ত্র সংঘাতের প্রেক্ষাপট যাই হোক না কেন, এই নীতিগুলো নিয়ে কোনো আপস চলে না এবং এগুলো সব সময় শ্রদ্ধা করা উচিত।’