বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি তামিম ইকবাল দায়িত্ব নেওয়ার পর দুই দিনেই অ্যাডহক কমিটির দুটি বোর্ডসভা আহ্বান করেছেন। অনলাইন ও অফলাইন মিলিয়ে দুই সভাতেই শুধু মির্জা ইয়াসির আব্বাসের বাবার অসুস্থতার কারণে অনুপস্থিত ছিলেন। প্রতিটি সভার পর সংবাদ সম্মেলন করলেও কোনোটাতেই সাংবাদিকদের প্রশ্নের সুযোগ দেননি তামিম। সভার সিদ্ধান্তগুলো জানিয়ে চলে গেছেন।
প্রথম দিন দুই পরিচালকের সঙ্গে এসেছিলেন তামিম, কিন্তু আজ একাই সাংবাদিকদের মুখোমুখি হন। সম্মেলন শুরুতেই স্পষ্ট করা হয় যে, সভাপতি শুধু বৈঠকের সিদ্ধান্তগুলো জানাবেন, প্রশ্নের উত্তর দেবেন না। কমিটির প্রথম সভায় বোর্ডের মুখপাত্র হিসেবে তানজিল চৌধুরীকে নিয়োগ দেওয়া হয়েছিল। তবে ব্যস্ততার কারণে একদিনের মধ্যেই তিনি দায়িত্ব থেকে সরে গেছেন।
আজকের সভায় জাতীয় দলের বাইরের পুরুষ ও নারী ক্রিকেটারদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। নারী ক্রিকেটারদের ম্যাচ ফিও বেড়েছে। ঘরোয়া টি-টুয়েন্টি ও একদিনের ম্যাচে আগে ৫ হাজার টাকা পেতেন নারী ক্রিকেটাররা, এখন টি-টুয়েন্টিতে ১০ হাজার ও একদিনের ম্যাচে ১৫ হাজার টাকা। চারদিনের ম্যাচ ফি ৮ হাজার থেকে ২০ হাজার টাকা হয়েছে। ঘরোয়া চুক্তির ৩৫ নারী ক্রিকেটারের বেতন ৩০ থেকে ৪০ হাজার টাকা করা হয়েছে।
পুরুষ ক্রিকেটে তিন ক্যাটাগরিতে মোট ৯৫ জন চুক্তিবদ্ধ। ‘এ’ ক্যাটাগরির বেতন ৩৫ থেকে ৬৫ হাজার, ‘বি’ ক্যাটাগরিতে ৩০ থেকে ৫০ হাজার ও ‘সি’ ক্যাটাগরিতে ২৫ থেকে ৪০ হাজার টাকা হয়েছে। জাতীয় লিগের ম্যাচ ফি ৭০ হাজার থেকে ১ লাখ টাকা বেড়েছে।
ঢাকার ক্লাবগুলোর একাংশ আমিনুল ইসলামের নেতৃত্বাধীন পরিচালনা পর্ষদকে ‘অবৈধ’ দাবি করে প্রিমিয়ার লিগ খেলতে রাজি ছিল না। এখন লিগ শুরুর প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন তামিম। দ্রুতই সব ক্লাবের সঙ্গে বসবে বোর্ড।
জ্বালানিসংকটের কারণে সরকারি পরামর্শ মেনে ২০ এপ্রিল থেকে শুরু হওয়ার কথা ছিল নিউজিল্যান্ড সিরিজের সময়সূচিতে পরিবর্তন এনেছে বোর্ড। নির্দিষ্ট সময় এখনো জানানো হয়নি, তবে ওয়ানডে ম্যাচগুলো বেলা ১১টা ও টি-টুয়েন্টি বেলা ২টা থেকে শুরু হতে পারে।
সভায় স্ট্যান্ডিং কমিটির দায়িত্বও বণ্টন করা হয়েছে। সভাপতি তামিম ইকবাল ওয়ার্কিং ও ফ্যাসিলিটিজ কমিটির দায়িত্ব পেয়েছেন। রফিকুল ইসলাম গ্রাউন্ডস, ফাহিম সিনহা গেম ডেভেলপমেন্ট ও বিপিএল, তানজিল চৌধুরী বয়সভিত্তিক ক্রিকেট, মির্জা সালমান ইস্পাহানি মার্কেটিং ও ডিসিপ্লিন, রুশনা ইমাম নারী–মেডিক্যাল ও অভিযোগ কমিটি, ইসরাফিল খসরু ফাইন্যান্স ও ওয়েলফেয়ার, সাঈদ ইব্রাহিম আহমেদ সিকিউরিটি ও টেন্ডার অ্যান্ড পারচেজ, আতহার আলী লজিস্টিকস, মির্জা ইয়াসির আব্বাস আম্পায়ার্স এবং মিনহাজুল আবেদীন টুর্নামেন্ট কমিটির দায়িত্ব পেয়েছেন।






