যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের আপস্টেট অঞ্চলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নাগরিকসহ চারজন নিহত হয়েছেন। ৬ এপ্রিল সন্ধ্যা ৬টা ৫৮ মিনিটে কলাম্বিয়া কাউন্টির ক্ল্যাভারাক এলাকায় এ ঘটনা ঘটে। এই স্থানটি নিউইয়র্ক শহর থেকে ১২০ মাইল এবং আলবানি থেকে ৩২ মাইল দূরে অবস্থিত।

কলাম্বিয়া কাউন্টি শেরিফ দপ্তর একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আলবানি এলাকার লাউডনভিলের বাসিন্দা ২৯ বছর বয়সী নাজমুল এম রুবেল ২০০৯ মডেলের টয়োটা প্রিয়াস গাড়ি চালিয়ে নিউইয়র্ক শহর থেকে আলবানির দিকে যাচ্ছিলেন। ৫৯৯১ রুট ৯এইচ/২৩ এলাকায় পৌঁছে অজ্ঞাত কারণে তাঁর গাড়ি রাস্তার মাঝখানের বিভাজক রেখা অতিক্রম করে। এরপর বিপরীত দিক থেকে আসা ২০২৫ মডেলের টয়োটা ক্রাউন গাড়ির সঙ্গে সংঘর্ষ ঘটে। এতে নাজমুল রুবেল ঘটনাস্থলেই প্রাণ হারান।

পুলিশের তথ্যমতে, রুবেলের গাড়িতে ছিলেন চারজন আরোহী। তাদের মধ্যে ব্রঙ্কসের বাসিন্দা মোহাম্মদ হিরামন (৬০) ও ফাহিম হালিম (২৫) ঘটনাস্থলেই নিহত হন। ৩৩ বছর বয়সী ফাতিমা আক্তারকে আশঙ্কাজনক অবস্থায় আলবানি মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে। গাড়িতে থাকা এক বছর বয়সী শিশুকন্যাকে ‘লাইফ নেট’ হেলিকপ্টারে একই হাসপাতালে নেওয়া হয়। শিশুর বর্তমান অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।

দ্বিতীয় গাড়ি টয়োটা ক্রাউনটি আলবানির স্টকপোর্ট থেকে নিউইয়র্ক শহরের দিকে যাচ্ছিল ব্রুকলিনের বাসিন্দা ২৪ বছর বয়সী লুকা পালভেনিয়ান। দুর্ঘটনায় তাঁর যাত্রী মার্কিন নাগরিক জুলিয়া রিচি (৬২) ঘটনাস্থলেই মারা যান। চালক লুকা পালভেনিয়ানকে প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

ঘটনার পর উদ্ধারকাজ ও তদন্তে নিউইয়র্ক স্টেট পুলিশ, ক্ল্যাভারাক ফায়ার কোম্পানি, লিভিংস্টন ফায়ার কোম্পানি, গ্রিনপোর্ট রেসকিউ স্কোয়াড, ভালাটি রেসকিউ স্কোয়াড, চ্যাথাম রেসকিউ স্কোয়াড, লাইফ নেট এবং কলাম্বিয়া কাউন্টি করোনরের কার্যালয় অংশগ্রহণ করে। তদন্তের জন্য সড়কটি প্রায় চার ঘণ্টা বন্ধ রাখা হয়।

কলাম্বিয়া কাউন্টি শেরিফ দপ্তরে যোগাযোগ করায় তারা জানায়, দুর্ঘটনার কারণ উদ্ঘাটনের জন্য তদন্ত চলছে। নিহত তিন বাংলাদেশির পরিবার জানিয়েছে, তাদের জানাজা আজ ৮ এপ্রিল বুধবার জোহরের নামাজের পর ব্রঙ্কসের বাইতুল আমান ইসলামিক সেন্টারে অনুষ্ঠিত হবে।