ক্যাম্প ন্যুতে আঁতোয়ান গ্রিজমানের অভিজ্ঞতা ছিল মোটেও সুন্দর নয়। অনেকের মতো তিনিও লিওনেল মেসির ছায়ায় অন্ধকারে ঢেকে গিয়েছিলেন। নিজের জন্য আলোয়ান করার মতো দারুণ কিছু করতে পারেননি। আসলে কখনোই কাতালানদের আপন করে উঠতে পারেননি। আক্ষেপ নিয়ে দুই বছর পর তিনি ফিরে গিয়েছিলেন পুরোনো ঘর আতলেতিকো মাদ্রিদে।
আজ আবার সেই ক্যাম্প ন্যুতে ফিরছেন গ্রিজমান। চিরচেনা আতলেতিকোর জার্সি গায়ে, যে দলটা তাঁকে কখনো আপন করেনি সেই বার্সেলোনার প্রতিপক্ষ হয়ে। মঞ্চ হলো চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল।
মৌসুম শেষেই ফরাসি ফরোয়ার্ড এমএলএসের দল অরল্যান্ডো সিটিতে পাড়ি জমাচ্ছেন। যাওয়ার আগে তাঁর একটাই স্বপ্ন—আতলেতিকোর হয়ে একটা বড় শিরোপা জিতে বিদায় নেওয়া। বার্সেলোনাকে বাধা না পারলে সেই স্বপ্ন এখানেই শেষ হয়ে যাবে।
দিয়েগো সিমিওনের আতলেতিকো মাদ্রিদ যেন ট্র্যাজিক হিরোদের আস্তানা। ২০১৪ আর ২০১৬ সালে দুবার ফাইনালে গিয়ে চ্যাম্পিয়নস লিগের ট্রফি ছোঁয়া হয়নি। ৩৫ বছর বয়সী গ্রিজমানের শোকেসে বিশ্বকাপের সোনালি ট্রফি আছে ঠিকই, কিন্তু ক্লাব ফুটবলের ট্রফি ক্যাবিনেট খালিই বলা যায়। ২০১৮ সালের ইউরোপা লিগ আর উয়েফা সুপার কাপ ছাড়া আতলেতিকোর হয়ে বড় কিছু জেতেননি তিনি।
লিগ জেতার আশায় ২০১৯ সালে বার্সেলোনায় যোগ দেন। কী কপাল! জুটল বার্সার জার্সিতে ২০২০ চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে ৮-২ গোলের লজ্জাজনক হার। কাটা ঘায়ে নুনের ছিটা দিয়ে ২০২১ সালে আতলেতিকো লা লিগা জয় করে, গ্রিজমান তখন বার্সার ড্রেসিংরুমে আক্ষেপ করছেন।
অবশেষে সিমিওনের আশ্রয়ে ফিরে আসেন গ্রিজমান। তবে এখন সেই শিকড়ও ছাড়ার সময় এসেছে। গত সপ্তাহেই বিচ্ছেদ ঘোষণা দিয়েছেন। কিন্তু অরল্যান্ডো সিটিতে যাওয়ার আগে কি তাঁর হাতে একটা বড় ট্রফি উঠবে?
২১১ গোল নিয়ে আতলেতিকোর ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা তিনি। সিমিওনের কড়া শাসনে হাড়ভাঙা খাটুনির সঙ্গে নান্দনিকতা মিশিয়ে দিয়েছেন। বার্সা কোচ হান্সি ফ্লিক মুগ্ধ হয়ে বললেন, ‘গ্রিজমান এক অনন্য প্রতিভা। ও যেভাবে খেলে, অবিশ্বাস্য! মনে হয় ফুটবল খেলছে না, যেন নাচছে!’
শেষ ষোলোর প্রথম লেগে টটেনহামকে ৫-২ গোলে উড়িয়ে দেওয়ার পর গ্রিজমান বলেছিলেন, ‘আশা করি, এবার আমরা বড় কিছু একটা করতে পারব।’
এই মাঠেই ১০ বছর আগে, ২০১৬ সালের কোয়ার্টার ফাইনালে দুটি গোল করে মেসি-সুয়ারেজ-নেইমারদের বিদায় দিয়েছিলেন তিনি। সেই অভিযান শেষ হয় মিলানের ফাইনালে রিয়াল মাদ্রিদের কাছে হেরে।
এবার কি পুরোনো মঞ্চে নতুন ইতিহাস লিখতে পারবেন গ্রিজমান!






