জেফরি এপস্টিনের সঙ্গে সম্পর্ক নিয়ে মার্কিন কংগ্রেসের সামনে সাক্ষ্য দিতে প্রস্তুত বিল গেটস। আগামী জুন মাসে তিনি এ বিষয়ে কংগ্রেসের সদস্যদের প্রশ্নের মুখোমুখি হবেন বলে মার্কিন আইনপ্রণেতারা নিশ্চিত করেছেন।
এর আগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন এপস্টিন-কাণ্ডে কংগ্রেসের সামনে সাক্ষ্য দিয়েছেন। এখন কংগ্রেসের হাউস ওভারসাইট কমিটির সামনে সাক্ষ্য দিতে চলেছেন মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস, যিনি এ ঘটনায় সর্বশেষ হাই-প্রোফাইল ব্যক্তি।
বিল গেটসের একজন মুখপাত্র বিবিসিকে বলেন, কমিটির গুরুত্বপূর্ণ কাজকে সহায়তা করার জন্য বিল গেটস তাদের সব প্রশ্নের উত্তর দেওয়ার অপেক্ষায় রয়েছেন। আগামী ১০ জুন সাক্ষ্য গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে।
এ বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ এপস্টিনের বিরুদ্ধে যৌন অপরাধের মামলার তদন্ত–সংক্রান্ত ৩০ লাখের বেশি নথি প্রকাশ করে। সেখানে গেটসের সঙ্গে এপস্টিনের যোগাযোগ ও সম্পর্ক নিয়ে বিস্তারিত তথ্য উঠে আসে। যদিও গেটসের বিরুদ্ধে এপস্টিনের শিকার কোনো ভুক্তভোগীর সঙ্গে অশালীন আচরণ করার অভিযোগ নেই। তদন্ত–সংক্রান্ত নথিতে নাম অন্তর্ভুক্ত হওয়া মানেই তিনি অপরাধকাণ্ডে জড়িত ছিলেন, এমনটাও নয়।
এপস্টিনের নথিপত্রে থাকা একটি খসড়া ই-মেইলে দেখা গেছে, এপস্টিন সেখানে বিল গেটস বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন বলে অভিযোগ করেছেন। ই-মেইলে এপস্টিন আরও লিখেছেন, রুশ মেয়েদের সঙ্গে যৌন সম্পর্ক এবং বিবাহিত নারীদের সঙ্গে অবৈধ সম্পর্কের জন্য বিল গেটসকে সুযোগ তৈরি করে দিতে তিনি কাজ করেছেন। যদিও খসড়া ই-মেইলটি কখনো কারও কাছে পাঠানো হয়নি।
মার্কিন ধনকুবের বিল গেটস ওই ই-মেইল মিথ্যা বলে দাবি করেছেন। তবে তিনি এপস্টিনের সঙ্গে তাঁর সম্পর্ক থাকার কথা স্বীকার করে বলেছেন, জেফরি এপস্টিনের সঙ্গে কাটানো ‘প্রতিটি মুহূর্তের’ জন্য তিনি অনুতপ্ত।
গত বছরের শেষ দিকে যুক্তরাষ্ট্রের কংগ্রেস এপস্টিনের মামলা–সংক্রান্ত তদন্তের সব নথি জনসমক্ষে প্রকাশ করা নিয়ে একটি আইন পাস করে। এ বছর জানুয়ারি মাসের শেষ দিকে মার্কিন বিচার বিভাগ ৩০ লাখের বেশি নথি প্রকাশ করে। এ–সংক্রান্ত আরও অনেক নথি এখনো প্রকাশ করা বাকি আছে।






