গাজীপুর সদরের পিরুজালী এলাকায় গভীর রাতে নৈশপ্রহরীর বাড়িতে ডাকাতরা ঢুকে টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র লুট করেছে। বাধা দেওয়ায় পরিবারের এক নারীকে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়। গতকাল মঙ্গলবার রাত দুইটার দিকে পিরুজালী মধ্যপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত আসমা আক্তার (৫৫) ওই এলাকার আনিসুর রহমানের স্ত্রী। পুলিশ তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আনিসুর রহমান স্থানীয় একটি কারখানায় এবং তাঁর ছেলে নাজমুল সাকিব পিরুজালী আদর্শ উচ্চবিদ্যালয়ে নৈশপ্রহরীর চাকরি করেন। ডাকাতরা বাড়িতে ঢুকে আনিসুরের পুত্রবধূ আরিফা আক্তারের হাত-পা বেঁধে রাখে। আসমা আক্তার ডাকাতদের বাধা দিলে তাঁর গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়। এরপর ডাকাত দল বাড়ি থেকে তিন লাখ টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুট করে চলে যায়।

আজ বুধবার সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।

পিরুজালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালাল উদ্দিন বলেন, ‘মধ্যরাতে নৈশপ্রহরীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে বলে শুনেছি। বাধা দেওয়ায় এক নারীকে শ্বাস রোধ করে হত্যা করেছে ডাকাতেরা।’

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নয়ন কর জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এটি ডাকাতি নাকি অন্য কোনো ঘটনা, সে বিষয়ে তদন্ত করা হচ্ছে।