বৈভব সূর্যবংশী ফাইনাল পরীক্ষাতেও পাস করলেন!
বিশ্ব ক্রিকেটে এই মুহূর্তে যশপ্রীত বুমরার মতো বড় বোলার খুঁজে পাওয়া কঠিন। তবু ১৫ বছরের সূর্যবংশী তার প্রথম তিন বলেই দুটি ছক্কা মেরে স্বাগত জানালেন বুমরাকে।
কাল রাতের রাজস্থান-মুম্বাই ম্যাচের আগে থেকেই আলোচনায় ছিল, ১৫ বছর বয়সী সূর্যবংশী বুমরার বিপক্ষে কীভাবে খেলবেন। বুমরার প্রথম তিন বলে ২ ছক্কা মেরে তিনি সব প্রশ্নের জবাব দিয়ে দিলেন। এতে প্রমাণ হয়ে গেল, তিনি শুধু ভবিষ্যত নয়, বর্তমানও।
আইপিএলে কাল বৃষ্টির কারণে ১১ ওভারের ম্যাচে সূর্যবংশী ১৪ বলে ৩৯ রান করে আউট হন। ১টি চার ও ৫টি ছক্কায় গড়ে ওঠা এই ইনিংসে তার স্ট্রাইক রেট ছিল ২৭৮.৫৭।
১৮ বছর পূর্ণ হওয়ার আগেই টি-টুয়েন্টি লিগে সবচেয়ে বেশি রান করার রেকর্ড সূর্যবংশীর নামে। আইপিএল ক্যারিয়ারে ১০ ইনিংসে ৩৭.৪০ গড়ে ও ২১৮.৪১ স্ট্রাইক রেটে তিনি ৩৭৪ রান করেছেন। এর মধ্যে রয়েছে ১টি সেঞ্চুরি, ২টি ফিফটি এবং ৩৫টি ছক্কা।
সূর্যবংশী যেভাবে খেলছে, তা অসাধারণ। ওকে দেখে আমি নিজেও অনুপ্রাণিত হই।যশস্বী জয়সোয়াল
আইপিএল ইতিহাসে অন্তত ২০ বল খেলা ব্যাটসম্যানদের মধ্যে সূর্যবংশীর ছক্কা মারার হার সর্বোচ্চ। এই টুর্নামেন্টে ১৭১ বলে তিনি ৩৫ ছক্কা মেরেছেন, অর্থাৎ প্রতি ৪.৯ বলে একটি ছক্কা।
এই তালিকায় তিনি রোমারিও শেফার্ড (৫.১), উর্ভিল প্যাটেল (৫.৩), জ্যাক ফ্রেজার-ম্যাগার্ক (৬.৪) এবং আন্দ্রে রাসেল (৬.৮)-কে ছাড়িয়ে গেছেন। এবারের আইপিএলে ৩ ম্যাচে সূর্যবংশী ১২২ রান করেছেন। স্ট্রাইক রেট ২৪৯, গড় ৪০.৬৬। প্রথম ম্যাচে ১৫ বলে ফিফটি করেছেন।
কাল মুম্বাইয়ের বিপক্ষে রাজস্থান ২৩ রানের জয়লাভ করে। ম্যাচসেরা হয়েছেন রাজস্থান ওপেনার যশস্বী জয়সোয়াল। ৩২ বলে ৭৭ রান করে অপরাজিত থেকে ছক্কার সেঞ্চুরি করেছেন তিনি।
পুরস্কার বিতরণে জয়সোয়াল বলেন, “ও যেভাবে খেলছে, তা অসাধারণ। ওকে দেখে আমি নিজেও অনুপ্রাণিত হই। আমরা নিজেদের উন্নতির বিষয়ে আলোচনা করি এবং আমি ওকে সব সময় ইতিবাচক বার্তা দেওয়ার চেষ্টা করি—যাতে সূর্যবংশী ভয়ডরহীনভাবে খেলতে পারে। সত্যিই বিস্ময়কর, সূর্যবংশী খেলাটা খুব ভালো বোঝে এবং একাই অনেক কিছু করার ক্ষমতা রাখে।”
মুম্বাই অধিনায়ক হার্দিক পান্ডিয়া বলেছেন, “১৬ বা ১৭ বছর বয়সী (১৫ বছর বয়সী) একটি ছেলেকে এভাবে খেলতে দেখা সত্যিই দারুণ। ওর ব্যাটিংয়ের ধরন আর ওর মধ্যে যে ভয়ডরহীনতা কাজ করে, তা অসাধারণ। ওর ভবিষ্যতের জন্য শুভকামনা রইল।”
ভারতের সাবেক ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন এক্সে লিখেছেন, “আমরা এমন সময় থেকে খুব বেশি দূরে নেই, যখন এই ১৫ বছর বয়সী বিস্ময় বালকের ব্যাটিং দেখার জন্য দর্শকেরা মাঠে ভিড় জমাবেন। ওর প্রশংসা করার মতো বিশেষণ যেন ফুরিয়ে আসছে!”






