গত মাসে ইরানে হামলার বিরোধিতা করে যুক্তরাষ্ট্রের সন্ত্রাস দমনবিষয়ক শীর্ষ পদ থেকে পদত্যাগকারী জো কেন্ট বলেছেন, ট্রাম্পের ইরানের সভ্যতা ধ্বংসের হুমকি শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের জন্যই বিপদ ডেকে আনবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে জো কেন্ট লিখেছেন, ‘এরপর বিশ্বে যুক্তরাষ্ট্রকে ভারসাম্য রক্ষাকারী শক্তি হিসেবে নয়, বরং বিশৃঙ্খলা সৃষ্টিকারী প্রতিনিধি হিসেবে দেখা হবে। এতে বিশ্বের সেরা পরাশক্তি হিসেবে আমাদের অবস্থানের অবসান ঘটবে। এটি আমাদের অর্থনীতিকে বিপর্যস্ত করবে এবং বৈশ্বিক শৃঙ্খলা ভেঙে ফেলবে।’

যুক্তরাষ্ট্রের এই বিপর্যয় এড়ানোর এখনো সময় আছে বলে উল্লেখ করে কেন্ট বলেন, ট্রাম্প যদি বেপরোয়া ক্রোধ এবং ধ্বংসের পথ ছাড়িয়ে গঠনমূলক আলোচনার পথে এগোন, তাহলে এই বিপদ থেকে মুক্তি পাওয়া সম্ভব।

ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধের প্রতিবাদে কেন্টের পদত্যাগকে ট্রাম্প প্রশাসনের জন্য প্রথম বড় ধাক্কা হিসেবে বিবেচনা করা হচ্ছে। গত মার্চে ন্যাশনাল কাউন্টার-টেররিজম সেন্টারের (এনসিটিসি) পরিচালকের পদ থেকে তিনি ইস্তফা দেন। পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেছিলেন, ইরান যুক্তরাষ্ট্রের জন্য ‘কোনো তাৎক্ষণিক হুমকি নয়’। যুক্তরাষ্ট্রকে সামরিক অভিযানে চাপ দেওয়ার জন্য তিনি ইসরায়েলকে দায়ী করেন। তবে ট্রাম্প ও হোয়াইট হাউসের কয়েকজন কর্মকর্তা কেন্টের এসব বক্তব্যের সমালোচনা করেন।