ভারতের পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে চূড়ান্ত সংশোধিত ভোটার তালিকা থেকে ২৭ লাখ ভোটারের নাম বাদ পড়েছে। নির্বাচন কমিশনের বক্তব্য, এরা ভোটার হওয়ার যোগ্যতার মানদণ্ড পূরণ করতে পারেনি।

সোমবার গভীর রাতে পশ্চিমবঙ্গ নির্বাচন দপ্তরের প্রধান নির্বাহী (সিইও) মনোজ আগরওয়াল ১২তম সংশোধিত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেন। এতে বিবেচনাধীন ভোটারদের তালিকা তৈরির প্রক্রিয়া শেষ হয়ে যায়।

বাদ পড়া এই ভোটারদের ভাগ্য নির্ধারণ করবেন সুপ্রিম কোর্ট। তবে তারা ট্রাইব্যুনালে আপিল করতে পারবেন। সাবেক বিচারপতিদের নিয়ে ১৯টি ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে, যেখানে অনলাইন ও অফলাইনে আপিলের সুযোগ রয়েছে। তবে তারা সম্ভবত ২৩ এপ্রিলের প্রথম ধাপের নির্বাচনে ভোট দিতে পারবেন না।

পশ্চিমবঙ্গের ২৯৪ আসনের বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে ২৩ ও ২৯ এপ্রিল দুই ধাপে। গত ২০২১ সালে এই নির্বাচন হয়েছিল আট ধাপে।

নির্বাচন কমিশন গত ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে। সেই তালিকায় মৃত, স্থানান্তরিত ও দ্বৈত ভোটারসহ ৫৮ লাখের নাম বাদ দেওয়া হয়। তথ্যে অসঙ্গতি ও ত্রুটির কারণে আরও ৬০ লাখ ৬ হাজার ৬৭৫ জনকে বিবেচনাধীন রেখে শুনানির ব্যবস্থা নেওয়া হয়।

শুনানিতে অংশ নিয়েছিলেন ওডিশা, ঝাড়খণ্ড ও উত্তরপ্রদেশের বিচার বিভাগীয় কর্মকর্তারা। তারাই নথি যাচাই করে ১২টি অতিরিক্ত সংশোধিত চূড়ান্ত তালিকা প্রকাশ করেন।

ভোটার তালিকা নিয়ে তীব্র আপত্তি জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সুপ্রিম কোর্টে সশরীরে আপত্তি তুলেছিলেন। তৃণমূল কংগ্রেস রাজ্যব্যাপী ভোটার তালিকা সংশোধনের (এসআইআর) বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলেছে, যা এখনো চলছে।

ইভিএম নিয়ে মমতার আপত্তি

এদিকে, ভোটার তালিকার পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) নিয়ে নতুন আপত্তি তুলেছেন। সোমবার বহরমপুরে তৃণমূলের নির্বাচনী সভায় তিনি বলেন, "এবারের নির্বাচনে বিজেপি এবং কেন্দ্রীয় সরকার ভোটবাক্সে কারচুপি করার জন্য নানা ফন্দিফিকির করবে। ইভিএমে চিপ ঢুকিয়ে কারচুপি করতে পারে।"

নেতা-কর্মীদের ইভিএমের উপর কড়া নজরদারি রাখতে নির্দেশ দিয়েছেন মমতা। তিনি বলেছেন, ভোটকেন্দ্রে সবাই ভালো করে ইভিএম পরীক্ষা করে নেবেন।

এই প্রেক্ষাপটে বিজেপির বিধায়ক ও বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী বলেছেন, এবারের বিধানসভা নির্বাচনে তৃণমূলের পরাজয় বুঝতে পেরে মমতা নতুন করে রাজনৈতিক অঙ্গনে বিভ্রান্তি ছড়াতে শুরু করেছেন।