নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় একটি ফিলিং স্টেশনে তেল না পাওয়ায় ক্ষুব্ধ মোটরসাইকেল চালকদের হামলা-ভাঙচুরের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে উপজেলার চর আমানউল্যাহ ইউনিয়নের কাটাবুনিয়া গ্রামের নুরানি ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। হামলাকারীদের মারধর করেন স্টেশনের কর্মচারীরা। পরে কর্মচারী ও স্থানীয় বাসিন্দাদের সহায়তায় পুলিশ দুই তরুণকে আটক করে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৯টা থেকে নুরানি ফিলিং স্টেশনে প্রত্যেক মোটরসাইকেলকে ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছিল। বিকেল পাঁচটার দিকে কর্মচারীরা তেলের মজুত শেষ বললে লাইনে অপেক্ষমাণ কয়েকজন মোটরসাইকেল চালক ক্ষিপ্ত হয়ে ওঠেন। তাঁদের মধ্যে কয়েকজন দৌড়ে গিয়ে অফিস কক্ষে ভাঙচুর শুরু করেন। এতে ফিলিং স্টেশনের কাচ ক্ষতিগ্রস্ত হয়। স্টেশনের কর্মচারীরা তখন পাল্টা হামলা চালান। পরবর্তীতে স্টেশনে শৃঙ্খলা রক্ষায় নিযুক্ত পুলিশ স্থানীয়দের সাহায্যে দুজনকে আটক করে চরজব্বর থানায় নিয়ে যায়।
নুরানি ফিলিং স্টেশনের ব্যবস্থাপক মো. ফারুক হোসেন বলেন, সকাল ৯টা থেকে সুশৃঙ্খলভাবে তাঁরা তেল দিয়েছেন। বিকেল সাড়ে চারটার দিকে তেল শেষ হয়ে গেলে আর দিতে পারেননি। তেল যখন শেষ হয়, তখনো লাইনে বেশ কিছু মোটরসাইকেল দাঁড়িয়ে ছিল। তেল শেষ হয়ে গেছে বলায় মোটরসাইকেলচালকেরা অতর্কিতে হামলা চালান। তাঁরা হামলা চালিয়ে ফিলিং স্টেশনের অফিস কক্ষ ভাঙচুর করেন।
জানতে চাইলে তেল না পেয়ে ফিলিং স্টেশনে হামলার ঘটনার সত্যতা নিশ্চিত করেন চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফর রহমান। মুক্তকণ্ঠকে তিনি বলেন, ঘটনাটি খুব বেশি বড় নয়। তাৎক্ষণিক সেখানে উপস্থিত পুলিশ দুজনকে আটক করেছে। তাঁদের থানায় নিয়ে আসা হয়েছে।






