ছবি বিশ্লেষণ, আনুষ্ঠানিক বিবৃতি এবং মার্কিন গণমাধ্যমের ব্রিফিং অনুসারে, ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের অন্তত নয়টি উড়োজাহাজ ভূপাতিত বা ধ্বংস হয়েছে। বিবিসি এগুলোর একটি তালিকা তৈরি করেছে।
৫ এপ্রিল
মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে সিবিএস নিউজের একটি প্রতিবেদনে বলা হয়, ইরানে হামলা চালাতে গিয়ে একটি এফ–১৫ই যুদ্ধবিমান ভূপাতিত হয়। সেই বিমানের একজন ক্রুকে উদ্ধারের অভিযানে সহায়তার জন্য যুক্তরাষ্ট্র ইরানে দুটি পরিবহন উড়োজাহাজ পাঠায়।
কিন্তু সেগুলো ইরানের একটি প্রত্যন্ত ঘাঁটি থেকে উড্ডয়ন করতে ব্যর্থ হয়। প্রতিবেদনে জানানো হয়, শত্রুর হাতে পড়া এড়াতে মার্কিন বাহিনীই ওই উড়োজাহাজ দুটি বোমা মেরে ধ্বংস করে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ৫ এপ্রিল ছড়ানো ভিডিওতে ইরানের ইসফাহান শহরের দক্ষিণে উড়োজাহাজের ধ্বংসাবশেষ দেখা যায়, যেখান থেকে তখনো ধোঁয়া উঠছিল। কয়েকটি ছবিও ছড়িয়ে পড়ে এবং সেগুলোর সত্যতা যাচাই করা হয়। ধ্বংস হওয়া পরিবহন উড়োজাহাজ দুটির ধরন নিশ্চিত করার চেষ্টা চলছে।
৩ এপ্রিল
৩ এপ্রিল ইরানের আকাশ সুরক্ষাব্যবস্থা দেশটির মধ্যাঞ্চলে যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করে। পরে ধ্বংসস্তূপের ছবি থেকে জানা যায়, ভূপাতিত বিমানটি ইউএস এফ–১৫ই স্ট্রাইক ইগল। এই যুদ্ধবিমানের একজন ক্রুকে উদ্ধার করতে মার্কিন বিশেষ বাহিনী ইরানে অভিযান চালায়।
একই দিন মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে নিউইয়র্ক টাইমসের খবরে বলা হয়, একটি এ-১০ ওয়ার্থহগ যুদ্ধবিমান উপসাগরে বিধ্বস্ত হয়েছে।
২৯ মার্চ
গত ২৯ মার্চ সৌদি আরবের প্রিন্স সুলতান বিমানঘাঁটিতে ইরানের হামলায় রানওয়েতে মার্কিন বিমানবাহিনীর একটি ই-৩ সেন্ট্রি উড়োজাহাজ ধ্বংস হয়। এই নজরদারি উড়োজাহাজ আগাম সতর্কতা ও নির্দেশনা দেওয়ার কাজে ব্যবহৃত হতো।
১২ মার্চ
১২ মার্চ ইরাকের আকাশসীমায় একটি কেসি-১৩৫ রিফুয়েলিং উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে মার্কিন বিমানবাহিনীর ছয় সদস্য নিহত হন। মার্কিন সামরিক বাহিনী জানায়, মাঝ আকাশে জ্বালানি সরবরাহকারী এই উড়োজাহাজ শত্রু বা মিত্রের গুলিতে ভূপাতিত হয়নি; বরং ‘অপারেশন এপিক ফিউরি’–তে অংশ নেওয়ার সময় অন্য একটি উড়োজাহাজের সঙ্গে দুর্ঘটনায় পড়ে।
দ্বিতীয় উড়োজাহাজটি পাশের একটি দেশে নিরাপদে অবতরণ করে। এ দুর্ঘটনার কারণ খুঁজতে তদন্ত চলছে।
২ মার্চ
২ মার্চ কুয়েতের আকাশে দেশটির আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ভুল করে তিনটি মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করে। তবে তিনটি বিমানের ছয় ক্রু সবাই নিরাপদে বেরিয়ে আসে।
একটি ভিডিওতে কুয়েত সিটির পশ্চিমে আকাশ থেকে একটি এফ–১৫ ঘুরতে ঘুরতে নিচে পড়ছে দেখা যায়। আরেক ফুটেজে একজন ক্রু প্যারাস্যুটে নামছে। বিবিসি ভিডিওগুলো যাচাই করেছে।






