প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান বলেছেন, আগের সরকারের গাফিলতির কারণে হামের টিকার সংকট দেখা দিয়েছে। ভবিষ্যতে দেশে এমন পরিস্থিতি আর না দেখা যায়, বিশেষ করে বর্তমান সরকারের অবহেলায় নয়, সেজন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালানো হবে।
মঙ্গলবার সচিবালয়ের তথ্য অধিদপ্তরে সরকারের কার্যক্রম তুলে ধরে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় ও পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি উপদেষ্টা জাহেদ উর রহমান এসব কথা বলেন।
হামের প্রাদুর্ভাব ও টিকা কার্যক্রম নিয়ে তিনি বলেন, ‘টিকাজনিত যে সংকট হয়েছিল, সেটা আসলে আমাদের ওপর এসে পড়েছে। এটার মধ্যে যে সমস্যা ছিল, এটা আগের সরকারের সময়ে হয়েছে। আমাদের সরকারের সময়ে খুব গুরুত্ব দিয়ে চেষ্টা করছি, এটা ট্যাকল (পরিস্থিতি মোকাবিলা) করার জন্য, ফাইট করার জন্য।’
টিকা কার্যক্রমের অগ্রগতি জানিয়ে উপদেষ্টা বলেন, ১৮ জেলার ৩০টি উপজেলায় হামের টিকা কার্যক্রম শুরু হয়েছে। ১২ এপ্রিল থেকে ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি এবং ময়মনসিংহ ও বরিশালে টিকা দেওয়া হবে। ৩ মে থেকে সারা দেশে একযোগে টিকা কার্যক্রম চলবে এবং ধীরে ধীরে পুরো দেশে সম্প্রসারিত হবে। মূল লক্ষ্য আগামী ২১ মে মধ্যে আসন্ন পবিত্র ঈদুল ফিতরের আগে এই কার্যক্রম সম্পন্ন করা।
তিনি যোগ করেন, ‘আমি আগেই বলেছি, এটা মূলত আগের সরকারের এ ক্ষেত্রে গাফিলতির কারণে এই সংকটটি তৈরি হয়েছে।’
হামের প্রাদুর্ভাব মোকাবিলায় সরকারের অন্যান্য উদ্যোগের কথা উল্লেখ করে জাহেদ উর রহমান বলেন, হাম সংক্রামক রোগ হওয়ায় সরকারি হাসপাতালে আইসোলেশনের ব্যবস্থা করা হয়েছে। স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল করা হয়েছে এবং জেলা ও উপজেলা হাসপাতালে চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিত করতে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে।
উপদেষ্টা বলেন, ‘শুরুতে বলেছি, এটা আমাদের অবহেলা বা আমাদের সংকট নয়। কিন্তু মর্মান্তিক ব্যাপার হচ্ছে, আমাদের শিশুরা মৃত্যুবরণ করেছে। সরকারের পক্ষ থেকে দুঃখ প্রকাশই যথেষ্ট নয়, আমরা বুঝি। ভবিষ্যতে যাতে বাংলাদেশে এ ধরনের পরিস্থিতি না হয়, অন্তত আমাদের গাফিলতির কারণে যে না হয়, আমরা সেই প্রচেষ্টা সর্বোচ্চভাবে করব।’






