মাসান্তে বিদ্যুৎ বিল হাতে পেলে অনেকের মুখে চিন্তার ছায়া নেমে আসে। গ্রীষ্মে এসি চালিয়ে স্বস্তি পেলেও বিলের উদ্বেগ থেকে যায়। কিন্তু আধুনিক প্রযুক্তি এই সমস্যার সমাধান ঘটাচ্ছে। এখনকার স্মার্ট এসিগুলো অতিরিক্ত বিদ্যুৎ খরচ করে না, বরং কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে প্রয়োজনমতো বিদ্যুৎ নিয়ন্ত্রণ করে।
স্মার্ট এনার্জি ট্র্যাকিং এবং অটো-সেভিং ফিচারের জন্য ব্যবহারকারীরা সহজেই বিদ্যুৎ খরচ ট্র্যাক করতে পারেন। ফলে আরাম বজায় রেখে বিল সাশ্রয় করা এখন অনেক সহজ হয়েছে।
হাতের মুঠোয় বিদ্যুৎ খরচের ‘লাইভ হিসাব’
আগে মাস শেষে বিল না আসা পর্যন্ত এসির বিদ্যুৎ খরচ জানার উপায় ছিল না। কিন্তু এখন সিঙ্গার, এলজি ও গ্রীর মতো স্মার্ট এসিগুলোর এনার্জি মনিটরিং প্রযুক্তি সব বদলে দিয়েছে। স্মার্টফোন অ্যাপে লাইভ খরচ দেখা যায়। এমনকি নির্দিষ্ট সময়ের বাজেট সেট করে সতর্কতা পাওয়া যায়। সীমার কাছাকাছি পৌঁছালে অ্যাপ নিজে থেকে সতর্ক করে।
অটো-সেভিং ও পাওয়ার অ্যাডজাস্টমেন্ট
স্মার্ট এসির গুরুত্বপূর্ণ ফিচার হলো অটো-সেভিং বা স্বয়ংক্রিয় পাওয়ার অ্যাডজাস্টমেন্ট। ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডের আইওটি সমৃদ্ধ স্মার্ট এসিতে কৃত্রিম বুদ্ধিমত্তা ঘরের লোকসংখ্যা ও বাইরের তাপমাত্রা বিবেচনা করে সক্ষমতা নিয়ন্ত্রণ করে। ঘরে কেউ না থাকলে বা আবহাওয়া ঠান্ডা হলে এসি নিজে পাওয়ার কমিয়ে দেয়, যা অপচয় রোধ করে। এছাড়া ইনভার্টার প্রযুক্তির কমপ্রেসর নিয়ন্ত্রণ বিদ্যুৎ বিল ৫০ থেকে ৬০ শতাংশ কমায়।
এআই ডক্টর ও দীর্ঘস্থায়ী সক্ষমতা
এসির যান্ত্রিক সুস্থতা বিদ্যুৎ সাশ্রয়ে গুরুত্বপূর্ণ। সমস্যা হলে অতিরিক্ত বিদ্যুৎ খরচ বাড়ে। ‘এআই ডক্টর’ প্রথম দিকেই সমস্যা ধরে সমাধানের পথ দেখায়। ফলে সক্ষমতা বজায় থাকে এবং দীর্ঘমেয়াদে বিল নিয়ন্ত্রণে থাকে।
সচেতন ব্যবহার ও রক্ষণাবেক্ষণ
স্মার্ট ফিচার থাকলেও সঠিক ব্যবহার ও রক্ষণাবেক্ষণ জরুরি। বিশেষজ্ঞরা বলছেন, এসির তাপমাত্রা ২৪ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াস রাখলে খরচ সবচেয়ে কম হয়। নিয়মিত ফিল্টার পরিষ্কার এবং ঘরের দরজা-জানালা ‘প্রপারলি ইনসুলেটেড’ রাখতে হবে। অদক্ষ টেকনিশিয়ানের হাতে সার্ভিসিং করলে গ্যাস প্রেশার বা কমপ্রেসর নষ্ট হয়ে বিল বাড়তে পারে।
এখন স্মার্ট এসি শুধু আরামের সাথী নয়, দীর্ঘমেয়াদি সাশ্রয়ী বিনিয়োগ। স্মার্ট এনার্জি ট্র্যাকিং ও অটো-সেভিং সঠিকভাবে ব্যবহার করলে গরমেও বিলের চিন্তা ছাড়াই ঘর হিমেল রাখা যায়। সচেতনভাবে এসি বাছাই করলে বিদ্যুৎ সাশ্রয়ের কার্যকর কৌশল হয়।






