নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বারান্দার গ্রিল কেটে একদল ডাকাত বাড়িতে ঢুকে পরিবারের সদস্যদের জিম্মি করে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করেছে। আজ মঙ্গলবার ভোরে জালকুড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ভোররাত ৪টার দিকে জালকুড়ি এলাকার সীমা ডাইং কারখানার পাশের মঞ্জিল মোর্শেদের বাড়িতে ডাকাতরা হানা দেয়। তারা বাড়ির বারান্দার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। তখন পরিবারের সদস্যরা ঘুমিয়ে ছিলেন। ঘরে ঢুকে ডাকাতরা অস্ত্রের মুখে সকলকে জিম্মি করে হাত-পা বাঁধে। এরপর আলমারি ভেঙে স্বর্ণালংকার, নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্র লুট করে পালিয়ে যায়।
ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, ডাকাত দলে সাত–আটজন ছিল। তারা প্রায় ৩০ ভরি স্বর্ণালংকার এবং দেড় থেকে দুই লাখ টাকা লুট করে পালিয়ে যায়। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক–সার্কেল) মো. হাসানুজ্জামান বলেন, "ডাকাতির ঘটনায় জড়িতক ব্যক্তিদের শনাক্তে কাজ চলছে। ডাকাতদের ধরতে পুলিশের একাধিক দল মাঠে আছে।"






