প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান বলেছেন, জ্বালানির সরবরাহে কিছুটা সমস্যা রয়েছে। তবে বৈশ্বিক পরিস্থিতির আলোকে এটি অস্বাভাবিক নয়। মানুষ কতটা তেল কিনছে তা জানতে ‘ফুয়েল অ্যাপ’ চালু করা হচ্ছে বলেও তিনি জানান।
আজ মঙ্গলবার সচিবালয়ের তথ্য অধিদপ্তরে সরকারের কার্যক্রম তুলে ধরতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় ও পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি উপদেষ্টা জাহেদ উর রহমান।
সংবাদ সম্মেলনে জ্বালানি সরবরাহ নিয়ে ২০২৫ সালের মার্চ ও ২০২৬ সালের মার্চ মাসের তুলনামূলক তথ্য উল্লেখ করে উপদেষ্টা বলেন, ২০২৫ সালের মার্চে ডিজেল সরবরাহ করা হয়েছিল ৩ লাখ ৯৬ হাজার ৯৮ মেট্রিক টন। এ বছরের মার্চে ৩ লাখ ৬৩ হাজার ৫১২ টন। কিছুটা কমেছে, কিন্তু খুব উল্লেখযোগ্য কমেছে তা নয়। ২০২৫ সালের মার্চে অকটেন ছিল ৩৬ হাজার ৯৮২ মেট্রিক টন। গত মার্চে তা ছিল ৩৭ হাজার ৪৩৯ টন। অকটেনের সরবরাহ বরং বেড়েছে। পেট্রল গত বছরের মার্চে ছিল ৪৬ হাজার ৩৭১ টন। গত মার্চে ৩৯ হাজার ৯৯৮। এটার সরবরাহ কিছুটা কমেছে।
এসব তথ্য উল্লেখ করে উপদেষ্টা বলেন, ‘তার মানে আমরা এটা বলতে চাই, আমাদের সরবরাহজনিত কিছুটা সমস্যা আছে। শব্দটি আসলেই কিছুটা। বৈশ্বিক পরিস্থিতিতে এটা আনইউজুয়াল (অস্বাভাবিক) নয়।’
এ সময় জ্বালানির অবৈধ মজুত ও আতঙ্কে বেশি কেনার প্রবণতার কথাও উল্লেখ করেন উপদেষ্টা। মানুষ কতটুকু তেল কিনছে তা জানতে ‘ফুয়েল অ্যাপ’ চালু করা হচ্ছে জানিয়ে উপদেষ্টা বলেন, এই ফুয়েল অ্যাপ ছাড়া কেউ জ্বালানি কিনতে পারবে না। এতে জানা যাবে কতটুকু তেল নেওয়া হচ্ছে।
ঢাকার ব্যাটারিচালিত অটোরিকশা নিয়মের মধ্যে আনতে হবে উল্লেখ করে উপদেষ্টা বলেন, এটা নিয়ে গুরুত্বসহকারে কাজ হচ্ছে।
একজন সাংবাদিক প্রশ্ন করেছিলেন, অন্তর্বর্তী সরকারের আমলে উত্থাপিত দুর্নীতির অভিযোগ বর্তমান সরকার তদন্ত করবে কি না। জবাবে উপদেষ্টা বলেন, নিশ্চয়ই করবে। দুর্নীতি দমন কমিশন (দুদক) এখনো পুনর্গঠিত হয়নি। সেটা হলে দুদকের মাধ্যমে সে কাজ শুরু হবে। কারণ, দুর্নীতি মানে কে করেছে সেটা বিষয় নয়। এমনকি এই সরকারের আমলেও সেই চেষ্টা হলেও তদন্ত হবে বলে জানান তিনি।






