ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের লক্ষণ নিয়ে ৯ মাস বয়সী শিশু রাইয়ানের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার রাত দুইটার দিকে তার মৃত্যু ঘটে। আজ মঙ্গলবার সকাল পর্যন্ত হাসপাতালে হাম ও হামের লক্ষণ নিয়ে ৮০ শিশু চিকিৎসাধীন।
শেরপুরের নকলা উপজেলার খয়রাপাড়া এলাকার রাকিবুল ইসলাম ও মাসুমা আক্তার দম্পতির সন্তান রাইয়ানকে গত ২৮ মার্চ বেলা সাড়ে ৩টার দিকে হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়।
গতকাল সোমবার সকাল ৯টা থেকে আজ মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে হাসপাতালে নতুন করে ২৮ শিশু ভর্তি হয়েছে। তাদের হাম আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ১৭ মার্চ থেকে আজ সকাল পর্যন্ত হামের লক্ষণ নিয়ে মোট ২৭৬ শিশু ভর্তি হয়েছে। এর মধ্যে ১৮৯ শিশু সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে এবং ৭ শিশুর মৃত্যু ঘটেছে। গত ২৪ ঘণ্টায় ১৯ শিশু সুস্থ হয়ে ছেড়ে গেছে।
চলতি বছরের ফেব্রুয়ারি থেকে এক-দুজন করে হামের লক্ষণ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগে ভর্তি হতে শুরু করে। মার্চের মাঝামাঝি থেকে রোগীর সংখ্যা বাড়তে থাকে। চিকিৎসার জন্য হাসপাতালে ৬৪ শয্যার পৃথক আইসোলেশন ওয়ার্ড রয়েছে। সেখানে তিনটি মেডিকেল টিম গঠন করে চিকিৎসা চালানো হচ্ছে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মাইনউদ্দিন খান বলেন, "হামের লক্ষণ নিয়ে ৯ মাস বয়সী একটি শিশুর মৃত্যু হয়েছে।"






