হরমুজ প্রণালী খুলে দিতে ব্যর্থ হলে ইরানকে ‘এক রাতের মধ্যে’ ধ্বংস করে দেওয়ার কঠোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নৌপথে জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ জলপথ এই প্রণালী খোলা নিয়ে তিনি তেহরানকে আজ মঙ্গলবার ওয়াশিংটন ডিসি সময় রাত ৮টা পর্যন্ত সময় দিয়েছেন। তেহরানের স্থানীয় সময় তখন বুধবার ভোররাত সাড়ে ৩টা এবং গ্রিনিচ মান সময় (জিএমটি) মঙ্গলবার দিবাগত রাত ১২টা (বাংলাদেশ সময় বুধবার সকাল ৬টা)। উপসাগর দিয়ে জ্বালানির অবাধ প্রবাহ নিশ্চিত করা সহ একটি ‘গ্রহণযোগ্য’ চুক্তিতে পৌঁছাতে হবে বলে তিনি শর্ত দিয়েছেন।
হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনে বক্তব্যে ট্রাম্প বলেন, তাঁর বিশ্বাস, ইরানের ‘বাস্তববাদী’ নেতারা ‘সৎ উদ্দেশ্যে’ আলোচনা করছেন, তবে ফলাফল এখনো অনিশ্চিত। ইরান অস্থায়ী যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করে সংঘাতের স্থায়ী অবসান ও নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছে।
সংবাদ সম্মেলনে ট্রাম্পের সঙ্গে জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন ও প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ উপস্থিত ছিলেন। বক্তব্যের বেশিরভাগ অংশে তিনি ইরানে নিখোঁজ মার্কিন বিমানবাহিনীর ক্রু উদ্ধারের বর্ণনা দেন। তবে আবারও সতর্ক করে বলেন, হরমুজ প্রণালী মঙ্গলবারের নির্ধারিত সময়সীমায় খোলা না হলে যুক্তরাষ্ট্র ইরানের জ্বালানি ও পরিবহন অবকাঠামোতে হামলা চালাতে পারে।
গতকাল সোমবারের সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ‘চাইলে এক রাতের মধ্যে পুরো দেশকে ধ্বংস করে দেওয়া যায় এবং সেই রাতটি হতে পারে আগামীকাল রাত।’ সময়সীমা পার হয়ে গেলে ইরানকে প্রস্তর যুগে ফেরত পাঠানো হবে বলেও যোগ করেন। তিনি বলেন, তাদের কোনো সেতু থাকবে না। তাদের কোনো বিদ্যুৎকেন্দ্র থাকবে না। ইরান আগেই দাবি প্রত্যাখ্যান করা সত্ত্বেও ট্রাম্প আলোচনা নিয়ে আশাবাদ ব্যক্ত করেন। ট্রাম্প বলেন, ইরান ‘সৎ উদ্দেশ্যে’ আলোচনা করছে।
এ আলোচনা নিয়ে একজন আঞ্চলিক কর্মকর্তা বলেন, প্রথমে একটি যুদ্ধবিরতি ছাড়া কোনো ধরনের তাৎপর্যপূর্ণ আলোচনায় অগ্রগতি সম্ভব নয়। সংবেদনশীল আলোচনার কারণে ওই কর্মকর্তা তাঁর নাম প্রকাশ না করার অনুরোধ করেছেন। তিনি বলেন, ‘ইরানের কাছে বার্তা পৌঁছে দেওয়া এবং যৌক্তিক সময়ের মধ্যে উত্তর পাওয়া সম্ভব নয়। বার্তা পৌঁছানোর পর জবাব পেতে গড়ে এক দিন বা তার বেশি সময় লেগে যায়।’
পাকিস্তান, তুরস্ক ও মিসর মধ্যস্থতার চেষ্টা করে যাচ্ছে। ট্রাম্প প্রশাসনের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খুব বেশি তথ্য দেননি। শুধু বলেছেন, তাঁর কাছে ‘সেরা পরিকল্পনা’ আছে, তবে তিনি সংবাদমাধ্যমের কাছে তা প্রকাশ করবেন না।
আইন বিশেষজ্ঞরা সতর্ক করেন, ইরানের অবকাঠামোর ওপর ইচ্ছাকৃত ও দীর্ঘস্থায়ী হামলা যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হতে পারে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সময়ে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের আইন উপদেষ্টা টেস ব্রিজম্যান সিবিএসকে বলেন, ‘সব বিদ্যুৎকেন্দ্র ধ্বংস করা, একটি সরকারকে জোরপূর্বক আলোচনার টেবিলে আনতে সাধারণ জনগণের বিরুদ্ধে পদক্ষেপের হুমকি দেওয়া—এ ধরনের সব কাজ সম্পূর্ণরূপে অবৈধ।’
এ বিষয়ে গতকাল দিনের শুরুতে ট্রাম্প বলেছিলেন, তিনি সেসব নিয়ে ‘চিন্তিত’ নন। সংবাদ সম্মেলনে তিনি জোর দিয়ে বলেন, ইরানের জনগণ ‘স্বাধীনতার জন্য কষ্ট সহ্য করতে ইচ্ছুক’—যদিও ইরানে সরকার উৎখাত করা তাঁর উদ্দেশ্য নয়। সেখানে তিনি যুক্তরাজ্য, ন্যাটো, দক্ষিণ কোরিয়াসহ যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্রদের সমালোচনা করেন। ট্রাম্প বলেন, যুদ্ধের সময় তারা যুক্তরাষ্ট্রের সহায়তায় এগিয়ে আসতে ব্যর্থ হয়েছে।






