নাসার আর্টেমিস–২ চন্দ্রাভিযানে চাঁদের পেছনের অংশ ঘুরে আসা চার নভোচারীকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওরিয়ন মহাকাশযানে থাকা এই নভোচারীদের সঙ্গে তিনি ফোনে কথা বলেছেন।

আর্টেমিস-২–এর নভোচারীরা মানুষ হিসেবে পৃথিবী থেকে সবচেয়ে দূরবর্তী জায়গায় পৌঁছে নতুন রেকর্ড গড়েছেন। তাঁদের ওরিয়ন মহাকাশযান যখন চাঁদের পেছন দিকে যায়, তখন পৃথিবীর সঙ্গে যোগাযোগ প্রায় ৪০ মিনিট বন্ধ থাকে। পরে সেই অংশ ঘুরে আসার পর টেক্সাসের হিউস্টনের নিয়ন্ত্রণকক্ষের সঙ্গে আবার যোগাযোগ স্থাপিত হয়।

ট্রাম্প তাঁদের সঙ্গে কথা বলাকালে জিজ্ঞাসা করেন, ‘হঠাৎ করে যখন সব যোগাযোগ বন্ধ হয়ে গেল, তখন আপনাদের কেমন অনুভূতি হয়েছিল?’

নভোচারী ভিক্টর গ্লোভার জানান, তিনি প্রথমে ‘একটু প্রার্থনা’ করেছিলেন। তবে এরপর চাঁদের পেছন অংশের বৈজ্ঞানিক পর্যবেক্ষণের তথ্য সংগ্রহের জন্য কাজে মন দিয়েছেন।

গ্লোভার আরও বলেন, ‘আমরা খুব ব্যস্ত ছিলাম এবং কঠোর পরিশ্রম করছিলাম। সত্যি বলতে, সময়টা বেশ ভালোই কেটেছে।’

ট্রাম্প প্রশ্ন চালিয়ে যান এবং জিজ্ঞেস করেন, ঐতিহাসিক দিনটির সবচেয়ে অবিস্মরণীয় অংশ কী ছিল?

নভোচারী রিড উইজম্যান বলেন, ‘প্রেসিডেন্টের ফোনকলটি নিশ্চয়ই আমাদের সবার জন্য খুবই বিশেষ।’

উইজম্যান বলতে থাকেন, ‘আমরা এমন কিছু দৃশ্য দেখেছি, যা কোনো মানুষ আগে কখনো দেখেনি, এমনকি অ্যাপোলো মিশনও নয়। এটি আমাদের জন্য সত্যিই অসাধারণ অভিজ্ঞতা ছিল।’

তিনি ব্যাখ্যা করেন, কীভাবে তারা সূর্যগ্রহণ পর্যবেক্ষণ করেছেন। পাশাপাশি চার নভোচারী উত্তেজিত যে ভবিষ্যতে মানুষ শুধু পৃথিবীতেই নয়, দুটি গ্রহে বসবাস করবে। মঙ্গল গ্রহে ভবিষ্যৎ অভিযানের লক্ষ্যের দিকে ইঙ্গিত করে তিনি এ কথা বলেন।

আলাপচারিতার শেষে ট্রাম্প বলেন, অভিযান শেষে হোয়াইট হাউসে আর্টেমিস দলের সঙ্গে দেখা করবেন।

ট্রাম্প বলেন, ‘আপনারা জানেন, আমিও খুব ব্যস্ত আছি। কিন্তু আমি অবশ্যই সময় বের করে নেব।’

আর্টেমিস-২–এর চার নভোচারী চাঁদের পেছনের সবচেয়ে দূরবর্তী জায়গায় পৌঁছে থাকাকালীন পৃথিবী থেকে তাঁদের দূরত্ব ছিল প্রায় ৪ লাখ ৬ হাজার ৭৮৮ কিলোমিটার বা প্রায় ২ লাখ ৫২ হাজার ৭৬০ মাইল। এর আগে কোনো মানুষ এত দূরে যাননি।

এতে আগের রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়েছে আর্টেমিস-২। আল-জাজিরার খবর অনুসারে, আগের রেকর্ডটি প্রায় ৫৬ বছর আগের। ১৯৭০ সালের এপ্রিলে নাসার অ্যাপোলো-১৩ অভিযানে অংশ নেওয়া নভোচারীরা তখন পৃথিবী থেকে সবচেয়ে দূরে গিয়েছিলেন।